নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। পুজোর পরও বৃষ্টি থামার নাম নেই বাংলায়। বরং রাজ্যের বিভিন্ন প্রান্তে হাল্কা থেকে মাঝারি, কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। সেই কারণে ২০২৫-এর শেষার্ধ পর্যন্ত ভোগাতে পারে মশাবাহিত এই রোগ। এমনই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্যভবন সূত্রে খবর, আক্রান্তের সংখ্যার বিচারে প্রথম ৫ জেলার মধ্যে তিনটি কলকাতা ও লাগোয়া দুই জেলা। উত্তর ২৪ পরগনা এবং হুগলি। আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ২৪ পরগনা, হুগলি, কলকাতা এবং মালদহ। তবে একটাই বাঁচোয়া, এবছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হেমারেজিক এবং শক সিনড্রোমের রোগীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। তাই মৃত্যুও কম ঘটেছে।



