Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে বাবরের চাষ করা পদ্ম ঠাঁই পাবে মা দুর্গার চরণে

লাভ-লোকসানের কথা না ভেবেই বছরের পর বছর পদ্মফুলের চাষ করছেন খণ্ডঘোষের বেড়ুগ্রাম পঞ্চায়েতের কালনা গ্রামের বাসিন্দা শেখ বাবর।

খণ্ডঘোষে বাবরের চাষ করা পদ্ম ঠাঁই পাবে মা দুর্গার চরণে
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুজোয় দেবীর চরণে ১০৮টি পদ্ম নিবেদন করা হয়। লাভ-লোকসানের কথা না ভেবেই বছরের পর বছর পদ্মফুলের চাষ করছেন খণ্ডঘোষের বেড়ুগ্রাম পঞ্চায়েতের কালনা গ্রামের বাসিন্দা শেখ বাবর। তাঁর চাষ করা পদ্মে এবছরও দেবী পূজিত হবেন। 

Advertisement

দাদা পদ্মফুল চাষ করা শুরু করেছিলেন। দাদার মৃত্যুর পর বাবর সাহেব পদ্মফুলের চাষ বন্ধ করে দেননি। বরং তিনি দাদার দেখানো পথেই পদ্ম চাষের হাল ধরেন। সেই থেকে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি পদ্মফুল চাষ করে চলেছেন। বাবর সাহেব বলেন, পূজারী ব্রাহ্মণের কাছে শুনেছি যে, দুর্গাপুজোয় পদ্মফুলের গুরুত্ব অনেক। আমাদের এলাকার হিন্দু ধর্মের মানুষজন দুর্গাপুজোর সময় আমার কাছ থেকে পদ্মফুল নিয়ে যান। পুজোর পদ্মফুল পেলে তাঁরা খুশি হন। লাভ-লোকসানের কথা না ভেবেই পদ্মচাষ ধরে রেখেছি। 
বাবর সাহেব আরও বলেন, এই এলাকায় পদ্মচাষের উপযোগী জলাশয়ের অভাব নেই। চৈত্র মাস থেকে জলাশয় পরিষ্কার করে পদ্ম চাষে লেগে পড়ি। সার সহ বিভিন্ন ওষুধপত্র ব্যবহার করে জলাশয়কে পদ্ম চাষের উপযোগী করে তুলি। নিখুঁত পরিচর্যা চালিয়েই পদ্মফুল উৎপাদন করে থাকি। কার্তিক মাস পর্যন্ত যথাযথভাবে পদ্মফুলের জোগান দিয়ে যেতে পারি। 
দেবী দুর্গার পুজোয় পদ্ম চা‌ই। এবারও বাবরের চাষ করা পদ্মফুলে পূজিত হবেন ঩দেবী। পূজারীর মাধ্যমে দেবীর চরণে নিবেদিত হবে। বাবর সাহেব আবেগপ্রবণ হয়ে বলেন, আমার চাষ করা পদ্মফুল দেবী দুর্গার চরণে দিয়ে পুজোপাঠ হয়, এতে অসুবিধার কী আছে? আমার তো ভালোই লাগে। আমি মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ হওয়া সত্ত্বেও আমার চাষ করা পদ্মফুলে মা দুর্গার পুজো হয়, এটাই বড় কথা। এর জন্য অনেকে আমাকে ভালোবাসেন। স্থানীয় পূজারী স্বপন চট্টোপাধ্যায় বলেন, সবার মঙ্গল কামনায় দুর্গামায়ের পুজো হয়। জাত-ধর্মের কোনও ভেদাভেদ থাকে না। কারণ দেবীর কাছে সকল মানুষই সমান। হিন্দুশাস্ত্র অনুযায়ী ‘নর-ই নারায়ণ’। পদ্মফুল চাষি শেখ বাবরও একজন মানুষ। এটাই তাঁর বড় পরিচয়। স্বয়ং স্বামী বিবেকানন্দ মুসলিম কন্যাকে কুমারী জ্ঞানে পুজো করেছিলেন। কাজেই বাবরের চাষ করা পদ্মফুলও দেবীর পুজোয় সমান গুরুত্বপূর্ণ। এটাই দুর্গামায়ের পুজোর বড় সার্থকতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ