ব্রতীন দাস, জলপাইগুড়ি: চোলাইয়ের নেশা ছাড়াতে গ্রাম ‘দত্তক’। শিক্ষার আলো জ্বলল বিএড কলেজের সৌজন্যে। গোরুমারা জঙ্গল লাগোয়া রামশাইয়ের বুধুরাম বনবস্তি থেকে এই প্রথম বোর্ডের পরীক্ষায় আদিবাসী ছাত্রী। স্থানীয় ভবানী হাইস্কুল থেকে মাধ্যমিকে বসতে চলেছে গ্রামের পরিযায়ী শ্রমিকের মেয়ে সুমিলা ওরাওঁ। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তার আইকন। সুমিলাকে দেখেই গ্রামে অশিক্ষার আলো ঘোচাতে তল্লাটের অন্য ছেলেমেয়েরাও পা বাড়িয়েছে স্কুলের পথে।
কয়েক বছর আগেও যে গ্রামে প্রাথমিকের পড়ুয়া মিলত না, সেখানে এখন অনেকেই হাইস্কুলে পড়ে। বিএড কলেজের ছাত্র-শিক্ষকদের উদ্যোগে আট থেকে আশির জন্য বুধুরাম বনবস্তিতে গড়ে উঠেছে মুক্ত বিদ্যালয়। শুধু বুধুরাম নয়, আদিবাসী অধ্যুষিত রামশাইয়ের ভেলুয়ারডাবরি গ্রামেও অবৈতনিক স্কুল গড়ে শিক্ষার আলো জ্বালানোর কাজ চালিয়ে যাচ্ছেন বিএড কলেজের ছাত্র-শিক্ষকরা। জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, প্রশাসন ও শিক্ষাদপ্তর তো চেষ্টার কোনও খামতি রাখছে না। এরসঙ্গে জেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে বিএড কলেজ কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে, তাকে সত্যিই সাধুবাদ দিতে হয়। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় বলেন, রাজ্য সরকার সমস্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে বদ্ধপরিকর।



