প্রয়াত প্রখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ক্যারাডাইন। বয়স হয়েছিল ৭১। ‘দ্য লং রাইডার্স’, ‘রিভেঞ্জ অব দ্য নার্ডস’, ‘লিজি ম্যাকগ্যুইর’-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। দীর্ঘদিন অসুস্থ ছিলেন অভিনেতা। ভুগছিলেন বাইপোলার ডিসঅর্ডারে। সোমবার রাতে বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিজুড়ে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে পরিবারের তরফে। ‘দ্য কাউবয়েজ’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ তাঁর। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৭৩ সালে মার্টিন স্করসেসি পরিচালিত ‘মিন স্ট্রিটস’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। হল অসবির অস্কারজয়ী ছবি ‘কামিং হোম’-এ কাজ করেছিলেন শিল্পী।



