প্রয়াত বলিউড পরিচালক পার্থ ঘোষ। বয়স হয়েছিল ৭৫। সোমবার সকালে মুম্বইয়ের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অস্বস্তি শুরু হয়েছিল। অসুস্থ বোধ করায় বাড়ির বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই বুকে ব্যথা হয়। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে পরিচালকের। নানা পাটেকর, মণীষা কৈরালা, জ্যাকি শ্রফ অভিনীত ‘অগ্নিসাক্ষী’ পরিচালনা করেছিলেন তিনি। সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন। তাঁর পরিচালনায় ‘হান্ড্রেড ডেজ’, ‘গুলাম এ মুস্তাফা’-এর মতো ছবিও দর্শক মনে রাখবেন। পার্থর পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ।



