কথায় আছে মধুরেণ সমাপয়েৎ। শেষ পাতে মিষ্টির আগে চাটনি আবশ্যিক। কারণ বাঙালির রসনাতৃপ্তিতে অন্যতম পদ হল চাটনি। গ্রীষ্মকালীন মধ্যাহ্নভোজ হোক বা নৈশভোজ, বাঙালির শেষ পাতে চাটনি কিন্তু থাকবেই। বিয়েবাড়ি, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনও ধরনের নিমন্ত্রণ বাড়ি মানেই শেষপাতে আমের চাটনি। যার অন্যতম উপকরণই হল মালদহের আশ্বিনা আম। যাকে বলা হয় চাটনির রাজা। আশ্বিনা আমের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। মাপে অনেকটাই বড় আর ভীষণ টক। পাকলেও টক ভাব খুব একটা যায় না। তাই পাকা আমের থেকে আমের টক বা চাটনির জন্য এই আশ্বিনা আমের চাহিদা বরাবরই তুঙ্গে। বাজারে এই প্রজাতির আম পাওয়া যায় আশ্বিন মাস পর্যন্ত। এই সময়ে সাধারণত অন্যান্য সমস্ত আম প্রায় শেষ হয়ে যায়। মালদহের পাশাপাশি মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতেও এই আম ফলে। কিন্তু মালদহের আশ্বিনা স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত।



