লোকসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জনপ্রতিনিধির সংখ্যা বৃদ্ধিটাই স্বাভাবিক। জনসংখ্যার পাশে রাখা দরকার প্রশাসনিক পরিসর পরিবর্তনের দিকটিও। তার সঙ্গেই সামঞ্জস্য রেখে সংসদ ও বিধানসভায় মানুষের প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা দরকার। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের দাবিও পুরানো। কিন্তু গণতন্ত্রের সম্প্রসারণের নামে যে বিপুল আর্থিক দায় দেশের ঘাড়ে চাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, তার যৌক্তিকতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা জরুরি। প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের পরিকল্পনায় লোকসভার বর্তমান আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হতে পারে। একই সূত্রে রাজ্য বিধানসভাগুলির আসনও ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। যেমন—পশ্চিমবঙ্গে বিধানসভার আসন ২৯৪ থেকে বেড়ে ৪৪১ এবং লোকসভার আসন ৪২ থেকে ৬৩ হওয়ার সম্ভাবনা। উত্তরপ্রদেশে লোকসভার আসন ৮০ থেকে ১২০ এবং বিধানসভার আসন ৪০৩ থেকে ৬০৫ হতে পারে। মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যেও নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। অর্থাৎ, কেবল সাংবিধানিক কাঠামোর পরিবর্তন নয়, এর সঙ্গে যুক্ত সংসদীয় ও প্রশাসনিক পরিকাঠামোর বিপুল সম্প্রসারণ। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, শুধু অতিরিক্ত লোকসভা সদস্যদের জন্য ব্যয়ের বোঝা বাড়তে পারে বছরে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। রাজ্য বিধানসভাগুলিতে সদস্যসংখ্যা বৃদ্ধির ফলে আরও কয়েক হাজার কোটি টাকার দায় চাপতে পারে। এই হিসাবের বাইরে থাকছে নতুন সংসদীয় ও বিধানসভা পরিকাঠামো, দপ্তর, কর্মী, নিরাপত্তা, আবাসন, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়। ফলে বাস্তব আর্থিক দায়ের পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা বড়ো এখন।
দ্বিতীয়ত, এই বিপুল আর্থিক দায় কে বহন করবে? দিনের শেষে সেই করদাতারাই। অথচ অগ্নিমূল্যের বাজারে সকলেরই নাভিশ্বাস ওঠার অবস্থা। সমস্ত ধরনের জ্বালানি, ওষুধ, খাদ্যদ্রব্য থেকে শিক্ষা, চিকিৎসা—কোনো ক্ষেত্রেই স্বস্তি নেই। শিক্ষিত যুব শ্রেণির অনিশ্চয়তা ক্রবর্ধমান। অন্নদাতারা আজও কাঁদছেন। পরিকাঠামোর দৈন্যে সরকারি হাসপাতাল ও স্কুলগুলির রুগ্ণদশা কাটছে না। পরিস্থিতি যখন এতটাই করুণ, তখন জনপ্রতিনিধির সংখ্যা বৃদ্ধির এই উদ্যোগ যুক্তিগ্রাহ্য না বিলাসিতা? এমপি ও এমএলএদের বেতন, ভাতা, পেনশন, আবাসন, যাতায়াত, নিরাপত্তা এবং তাঁদের কাজের উপযোগী প্রশাসনিক পরিকাঠামো—সব কিছুরই খরচ বাড়বে। লোকসভা এবং বিধানসভাগুলি মিলিয়ে খরচের ধাক্কা লক্ষ কোটি ছুঁয়ে ফেলবে না তো? এই হিসাব আনুমানিক অবশ্যই, তবে কোনোভাবেই গাঁজাখুরি কারবার নয়। তাই মূল প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যে-দেশে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও কর্মসংস্থানের মতো মৌলিক ক্ষেত্রে সরকারি বিনিয়োগের প্রয়োজন সর্বাধিক, সেখানে জনপ্রতিনিধিত্বের সম্প্রসারণের নামে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা, অগ্রাধিকার এবং আর্থিক সংস্থান কী আছে—এই ব্যাপারে দেশবাসীকে স্পষ্ট ধারণা দিক সরকার। এটা তাদের নৈতিক দায়িত্ব। গণতন্ত্রের পরিসর বৃদ্ধির অর্থ যদি জনকল্যাণের জন্য বরাদ্দ সংকুচিত করা হয়, তবে সেই সম্প্রসারণের সুফল নাগরিকের কাছে কতটা পৌঁছাবে?
তৃতীয়ত, আসন সংখ্যা বৃদ্ধির প্রশ্নটি নিছক সংখ্যার হিসাবেও সীমাবদ্ধ নয়—লোকসভা ও বিধানসভায় প্রতিনিধিত্ব বৃদ্ধির পাশাপাশি নির্বাচনি কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা কোন প্রক্রিয়ায় প্রয়োগ করা হবে, তার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা চাই। প্রস্তাবিত ব্যবস্থায় সব রাজ্যের আসন ৫০ শতাংশ বৃদ্ধির কথা বলা হলেও কেন্দ্রভিত্তিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা দূর করতে হবে। বিরোধীদের উত্থাপিত জেরিম্যান্ডারিংয়ের আশঙ্কা এবং নির্বাচন কমিশন ও ডিলিমিটেশন কমিশনের নিরপেক্ষতা সংক্রান্ত প্রশ্নগুলিরও স্বচ্ছ জবাব দেওয়া দরকার। মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের লক্ষ্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই লক্ষ্য পূরণের নামে আর্থিক দায় ও সাংবিধানিক প্রশ্নগুলিকে আড়াল করা যায় না। ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশনে প্রস্তাবিত বিলগুলি পেশ হওয়ার কথা। মন্ত্রিসভার অনুমোদন আর সংসদে আইন প্রণয়ন সমার্থক নয়। তার আগে সংশ্লিষ্ট বিল নিয়ে সংসদে বিশদে আলোচনা, আর্থিক দায়ের পূর্ণাঙ্গ হিসাব এবং রাজ্যগুলির মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া দরকার। ভারতই সর্ববৃহৎ জনসংখ্যার দেশ। পাশাপাশি উন্নয়নের অসংখ্য দিক এবং সামাজিক সুরক্ষা নানাভাবে অবহেলিত। এমন একটি দেশ কি এই বিপুল ব্যয় বহনে সক্ষম? কোন জাদুতে মিটবে এই বিপুল অর্থের জোগান? কর বাড়িয়ে, জনকল্যাণের বরাদ্দ কমিয়ে, না কি আরও ঋণের বোঝা চাপিয়ে? এই প্রশ্নগুলির উত্তর না দিয়ে শুধু আসনসংখ্যা বাড়িয়ে গণতন্ত্রের জয়গান গাওয়া যাবে না। গণতন্ত্রের শক্তি জনপ্রতিনিধির সংখ্যা দিয়ে নয়, মানুষের জীবনযাত্রার মান, অধিকার, অংশগ্রহণ এবং জবাবদিহিতার ভিতরেই বিচার্য। দেশের মানুষ যেখানে নানাভাবে অসুখী সেখানে নিছক ক্ষমতার পরিসর বৃদ্ধি গণতন্ত্রের কোন সাফল্য নির্দেশ করবে?


