ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গত এপ্রিলে মহিলা সংরক্ষণের আইনকে ঢাল করে লোকসভা ও বিধানসভার আসন পুনর্বিন্যাস বিল সংসদে পেশ করেও বিরোধীদের প্রবল বাধায় রণে ভঙ্গ দিতে হয়েছিল মোদি সরকারকে। তারপরের সাত মাসে বিরোধী জোটে ফাটল ধরিয়ে লক্ষ্যে পৌঁছাতে মরিয়া চেষ্টা চালিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। সেই কাজে সাফল্যের গন্ধ পেয়ে সংসদের আসন্ন সংক্ষিপ্ত অধিবেশনে ফের বিলটি পেশ হতে চলেছে। তার আগে শুক্রবার মোদি মন্ত্রিসভা সংবিধান সংশোধনী এই বিলে অনুমোদন দিয়েছে। বিরোধী জোটে ভাঙন ধরাতে প্রস্তাবিত পরিমার্জিত বিলে সব রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই বর্ধিত আসনের এক-তৃতীয়াংশ থাকবে মহিলাদের জন্য সংরক্ষিত। একই ফরমুলা প্রযোজ্য হবে বিধানসভার ক্ষেত্রে। দুই-তৃতীয়াংশ সাংসদের ভোটে এই বিল পাশ হলে ২০২৯-এর লোকসভা ভোটে বিজেপি যে বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে যে গুরুতর আশঙ্কা ও প্রশ্নগুলি উঠে এসেছে, তার যুক্তিগ্রাহ্য উত্তর কি পাওয়া যাবে? বিশেষত এই বিল কার্যকর হলে দেশের গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো কতটা সুরক্ষিত থাকবে? সেই গভীর প্রশ্নটি উড়িয়ে দেওয়ার নয়। 

Advertisement

বিলে আছে, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হবে। ঘটনা হল, গত পনেরো বছরে দেশের জনবিন্যাসে ব্যাপক পরিবর্তন হয়েছে। শহরের পরিধি ও জনসংখ্যা বেড়েছে। ফলে ২০১১-কে ভিত্তিবর্ষ ধরলে বর্তমান জনসংখ্যার প্রকৃত ছবিটা বোঝা যাবে না। এসব বাদ দিলেও দেশে এখন নতুন জনগণনার কাজ চলছে। তার ফলাফলের অপেক্ষা না করে কেন ২০১১— সেই প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের পর প্রতিটি সংসদ এলাকার সীমানা নির্ধারণ করবে কেন্দ্র নিয়োজিত কমিশন। অতীতে জম্মু-কাশ্মীর ও অসমে এই সীমানা নির্ধারণ নিয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে। সুতরাং এক্ষেত্রেও কমিশন স্বাধীন ও নিরপেক্ষতার পরিবর্তে শাসক দলের স্বার্থে কাজ করবে না—এমন গ্যারান্টি কোথায়? বিশেষত মোদি জমানায় সাম্প্রতিককালে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থার ভূমিকা নিয়ে যখন গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, এর সঙ্গে মহিলা সংরক্ষণ প্রসঙ্গ নিয়েও। ২০২৩ সালে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের পর তা আজও কার্যকর করেনি শাসক দল। অথচ এখন আসন পুনর্বিন্যাসের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হচ্ছে! আরও প্রশ্ন উঠেছে, জাতিগত জনগণনার তথ্য সামনে আসার আগে সংরক্ষণ কতটা বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে? কারণ এই সংরক্ষণে পিছিয়ে পড়া মহিলাদের প্রতিনিধিত্বের বিষয়টি স্পষ্ট নয়। বরং জাতিগণনার আগে এই কাজ করলে সমাজের সব শ্রেণির মহিলার সমান সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রশ্নের মুখে পড়তে পারে। এককথায়, মহিলা সংরক্ষণের প্রশ্নে জাতপাতের ভিত্তিতে প্রতিনিধিত্বের প্রশ্নের সমাধান কীভাবে হবে, তাও স্পষ্ট নয়। 
আসলে মহিলা সংরক্ষণকে সামনে রেখে আসন পুনর্বিন্যাসের এই ছকের মূল কারণ যে ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া— তা নিয়ে কোনো সংশয় নেই। এই নিয়েও কোনো সন্দেহ নেই যে দেশের আর্থ-সামাজিক প্রশ্নে বিজেপি ক্রমশ জনসমর্থন হারাচ্ছে। এই বাস্তবতার সামনে মহিলা সংরক্ষণ কার্যকর করা ও আসন পুনর্বিন্যাসের ছক কষে ২০২৯-এর লোকসভা নির্বাচনে চতুর্থবারের জন্য জয় নিশ্চিত করতে চাইছে বিজেপি। অঙ্কটা হল, সব রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়লে তাতে আখেরে লাভ বিজেপির। কারণ, ঐতিহাসিকভাবে দক্ষিণ ও পূর্ব ভারতের তুলনায় উত্তর ও পশ্চিম ভারতের (মূলত হিন্দিবলয়) একাধিক রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটাই বেশি। ফলে এমনিতেই উত্তর ও পশ্চিম ভারতে লোকসভার আসন সংখ্যা বর্তমানে বেশি। এর সুবিধা হল, আনুপাতিক হারে সব রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়লেও সংখ্যার বিচারে দক্ষিণ ও পূর্বের রাজ্যগুলির তুলনায় উত্তর ও পশ্চিমের আসন সংখ্যা আরও বেড়ে যাবে। উদাহরণ, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বর্তমান সাংসদ সংখ্যা যথাক্রমে ৮০ ও ৪২। ব্যবধান ৩৮। এখন ৫০ শতাংশ বাড়লে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আসন বেড়ে দাঁড়াবে যথাক্রম ১২০ এবং ৬৩। ব্যবধান বেড়ে দাঁড়াবে ৩৮ থেকে ৫৭। উল্লেখ্য, বর্তমানে দুটিই বিজেপি শাসিত রাজ্য। আবার মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যবধান এখন ৬টি আসনের। পুনর্বিন্যাসের পর ব্যবধান বেড়ে হবে ৯। একইভাবে উত্তরপ্রদেশের সঙ্গে দক্ষিণের তামিলনাড়ুর বর্তমান ব্যবধান ৪১টি আসনের। সেটা বেড়ে হবে ৬১টি। এই অঙ্কেই পরিষ্কার, বিজেপি কেন মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের মতো দুটি ভিন্ন ক্ষেত্রকে এক ব্রাকেটে রেখে তাড়াহুড়ো করে বিল পাশ করতে চাইছে। সুতরাং, প্রশ্নটি নৈতিকতার, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নয়। অবশ্য নৈতিকতার পাঠ কে শেখাবে নরেন্দ্র মোদি-অমিত শাহদের? কারণ, নৈতিকতার তো বালাই নেই এই জমানায়।