উত্তরপ্রদেশের আগেই লড়াই সংসদে
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হিমাংশু সিংহ: সংসদে আসন বাড়লে উন্নয়ন কি দ্বিগুণ গতিতে ছুটবে না বেকারের যন্ত্রণা কমবে? এমন যদি হয় শুধু নেতা পোষার খরচই বাড়ল। দইয়ের ফোঁটা কপালে সেঁটে ভোট দিতে যাওয়া জনগণ সেই তিমিরেই, তাহলে কী বলবেন! এদেশে ভোটার ঘরপোড়া গোরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়! 

Advertisement

আসলে যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সংসদের ভিতরে ও বাইরে, সড়কে এবং বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা ভোট ঘিরে। চূড়ান্ত লক্ষ্য ঊনত্রিশ সালের সাধারণ নির্বাচন। কেন্দ্রে বিজেপিই ক্ষমতায় থাকবে, না পরিবর্তনের মৃদুমন্দ বাতাস বইবে তার একটা ইঙ্গিত মিলবে ১৩২তম সংবিধান সংশোধনী বিল পাশে এবং তারপর যোগীরাজ্য ও পাঞ্জাবের আসন্ন ভোটে। গোয়া ও উত্তরাখণ্ডের নির্বাচনের পরিণামে। আসন্ন ২০২৭ সালই সেই উত্তর দেবে জনগণেশের উচ্চকিত রায়ে।
বিজেপি জানে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বিল পাশ না করাতে পারলে বিরোধীরা ভয়ংকর মূর্তি ধারণ করবে। আরও ঐক্যবদ্ধ হবে। ‘পাপ্পু’ রাহুল আগের চেয়ে অনেক পরিণত ও ঝকঝকে। টানা ১২ বছর পর প্রতিষ্ঠান বিরোধিতার বোঝাও ভারী হতে বাধ্য। অত্যন্ত সাবধানে পা না ফেললে সর্বনাশ। তাই সংখ্যা নিয়ে নিশ্চিত না হয়ে সোমবার থেকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে মনে হয় না। নম্বর জোগাড়ের খেলায় সসম্মানে উত্তীর্ণ হলে একদিকে উত্তরপ্রদেশে মহিলা ভোটব্যাংককে কাছে টানা সম্ভব হবে। আবার ড্রাগ, অপরাধের পাঁকে নিমজ্জিত পাঞ্জাবকেও সুস্পষ্ট বার্তা দেওয়া যাবে। কাজটা কঠিন। যদি সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন আদায়ে সরকার সফলও হয় তাহলেও জেন জি’র আন্দোলনের তীব্রতা সহজে কমবে না। বাংলা জয়ের পর পরই গত পাঁচ-ছয় মাসের অনিশ্চয়তা জাতীয় রাজনীতিকে মাত্রাতিরিক্ত জটিল করেছে। সরকার পক্ষের আশা, যদি লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করতে তারা সমর্থ হয় তাহলে অর্ধেক যুদ্ধ জয়ের সুঘ্রাণ বইতে শুরু করবে জাতীয় রাজনীতিতে। মহিলাদের প্রতিনিধিত্ব বাড়বে সংসদীয় এবং পরিষদীয় রাজনীতির পরিসরে। সেই লক্ষ্যেই উত্তরপ্রদেশের মহাযুদ্ধের আগেই রাজনৈতিক লড়াইয়ের টান টান আবহ রচনা। আগামীকাল থেকে তারই সংকেত মিলতে চলেছে অসমাপ্ত বাদল অধিবেশনের চূড়ান্ত পর্বে। সেই এপ্রিল মাস থেকে বার দুয়েক চেষ্টা করেও পাশ করানো যায়নি ডিলিমিটেশন বিল। আগেরবার বিরোধীরা রুখে দিতে সমর্থ হয়েছে। জেন জির আন্দোলনে শিক্ষামন্ত্রী বিদায় নিতে বাধ্য হয়েছেন। জ্ঞানেশ কুমারের অপসারণ নিয়ে গোটা দেশ এখনও সোচ্চার। এই আবহেই হালকা শীতের আগমনিকে সাক্ষী রেখে আটকে থাকা সংবিধান সংশোধনী পাশের মরিয়া চেষ্টা মোদি সরকারের। 
শুধু ফারাকটা হল এবার সঙ্গে পরাজিত তৃণমূলের অধিকাংশ দলছুট এমপি। বাংলায় ভরাডুবির পর দল ভেঙে অস্তিত্ব রক্ষার তাগিদে নতুন নামে তাঁরা আজ বিজেপির আশ্রয়ে। সমর্থনে রাজি তামিলনাড়ুর ডিএমকের ২২ জনও। কারণ দক্ষিণে স্ট্যালিন সাহেবেরও গদি গিয়েছে। অসুস্থ শারদ পাওয়ারের এনসিপি এবং আরও ছোটো ছোটো কিছু দল মিলে সরকারের পরিত্রাণে শামিল হলে তারই সুফল মিলবে বিল পাশে। স্ত্যালিনের দাবি ইতিমধ্যেই সরকার মেনে নিয়েছে। জনগণনার থেকে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়াকে আলাদা করে দেওয়া এবং ২৫ বছরের জন্য আসন সংখ্যা ফ্রিজ করে রাখার পাকা কথায় চিড়ে কতটা ভেজে তারই অপেক্ষা।
কিন্তু সংসদের আসন সংখ্যা বৃদ্ধিতে সাধারণের কী উপকার হবে? আসন সংখ্যা বাড়লে জনপ্রতিনিধিদের জন্য খরচও কয়েক গুণ বেড়ে যাবে। রাজ্যে রাজ্যে এমএলএ বাড়লে নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে। বিশাল খরচ। আর আকাশের দিকে চেয়ে দিন কাটবে 
সাধারণ ঘরের কর্মহীন যুবক যুবতীর। ভাতায় দিন গুজরান করা বৃদ্ধের। তাঁদের পঞ্চাশ শতাংশ উন্নয়ন করবে কে?
এমনিতে এবার উত্তরপ্রদেশ বিজেপির কাছে কঠিন খেলা। জয়ের সমীকরণটা যে জটিল তা গত দু’সপ্তাহে যোগীজির একের পর এক বক্তব্য এবং এসআইআর-এ সওয়া কোটি হিন্দুর নাম বাদ ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থেকেই স্পষ্ট। যোগী আদিত্যনাথ এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ শুরুর আগেই একটা আড়াল খুঁজছেন। সেই আড়ালটা শুধু বিরোধীদের থেকে নয়। নিজের দলের থেকেও। তাই স্বয়ং অমিত শাহের এসআইআর-এর বিরুদ্ধেই ভোটের আগে তাঁর এই ছদ্ম বিদ্রোহ রীতিমতো রহস্যজনক। আরও রহস্যজনক উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর ছোট্ট মন্তব্য, মুখ্যমন্ত্রী কে হবেন ঠিক হবে ফল ঘোষণার পর। অর্থাৎ যোগীজি হুঁশিয়ার! হুংকার দিচ্ছে বিরোধীরা নয়, তাঁর দলই!
এই টানাপোড়েনের জন্যই জমে উঠছে খেলা। পাঞ্জাব ও উত্তরপ্রদেশ। মুসলিম ও দলিত ভোট ভাঙতে অনেক আগে থেকেই কৌশল সাজিয়েছেন অমিত শাহ। তিনি বিশেষভাবে সতর্ক। কারণ জেন জি’র আন্দোলন, কৃষক বিক্ষোভ, শ্রমিক অসন্তোষ এবং সাধারণ মানুষের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার যন্ত্রণার কারণে দল চাপে। সেই কারণেই দীর্ঘ ৬ বছর পর পাঞ্জাবে পুরানো মিত্র অকালি দলের সঙ্গে আবার গাঁটছড়া। নাটক শেষে বাদল পরিবারের সঙ্গে ফের গলাগলি। সেই একই কারণে অখিলেশ ও কংগ্রেসের সম্মিলিত দলিত-মুসলিম ভোট ভাঙতে চন্দ্রশেখর আজাদ এবং আসাউদ্দিন ওয়াইসির মিমের হাতধরাকে পিছন থেকে প্রচ্ছন্ন প্রশ্রয় দেওয়া। নতুন এই জোটের তরফে লখনউয়ের প্রথম সমাবেশে সাড়া যথেষ্ট ভালো। মুসলিম মন জিততে বৃহস্পতিবারের সমাবেশে চন্দ্রশেখর আজাদ বলেন, ‘আব্দুল’ আর মাদুর পাতবে না। ‘আব্দুল’ উপমুখ্যমন্ত্রীর আসনে বসবে।’ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ মন্তব্য। ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলি যে ভোটব্যাংক হিসাবেই এতদিন মুসলিমদের ব্যবহার করেছে তা চোখে আঙুল দিয়ে দেখাতেই এই কৌশল। কিন্তু মাথাটা কার? 
বিগত ২০২২ সালের ভোটে ওয়াইসির দল ৯০টিরও বেশি আসনে লড়লেও ভোট পেয়েছিল আধ শতাংশেরও কম। চন্দ্রশেখরের দল ১০০ জনেরও বেশি প্রার্থী দিয়ে পেয়েছিল ০.১৩ শতাংশ ভোট। গোরক্ষপুর আসনে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ে চন্দ্রশেখরের জামানত জব্দ হয়েছিল। এবার উলটপুরাণ! শোনা যায়, অমিত শাহের কৌশলেই ভোট ভাঙাতে এবার তাঁরা বড়ো বাজি ধরছেন। উত্তরপ্রদেশের জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ মুসলিম, আর যাঁদের দলিত ও পিছড়ে বর্গ বলা হয় তাঁরা ২১ শতাংশ। সব মিলিয়ে ৪০ শতাংশ, তাই বাজিটা ওয়াইসি আর আজাদ ধরেছেন, না পিছন থেকে বিজেপির থিঙ্কট্যাঙ্করা সক্রিয় তা স্পষ্ট হবে উত্তরপ্রদেশের ফল বেরনোর পর।
এত কিছুর পরেও এত সম্ভাবনা সত্ত্বেও বিরোধী জোট কিন্তু ধাক্কা খাচ্ছে শুরুতেই। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমেথি ও রায়বেরিলি দুটি আসনেই জিতেছিল কংগ্রেস। রায়বেরিলির সাংসদ স্বয়ং রাহুল গান্ধী। সেই সুবাদেই ওই দুই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবকটি বিধানসভা আসনেই লড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস ১৩০টি আসনের দাবি জানালেও অখিলেশ যাদবের দল মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি। এমনকি গান্ধী পরিবারের দুই খাসতালুক আমেথি ও রায়বেরিলির ১০টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেসকে মাত্র একটি আসন দিতে রাজি হয়েছেন অখিলেশ। সাহারানপুরে 
অখিলেশ শিবির একতরফা প্রার্থী ঘোষণা করায় কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অখিলেশ শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত বিধানসভা নির্বাচনে তারা যে আসনগুলিতে জিতেছিল, তার একটিও কংগ্রেসকে ছাড়া হবে না। সমাজবাদী পার্টি যে পাঁচ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেখানে মুসলিম ও দলিত ভোটব্যাংকই নির্ণায়ক ফ্যাক্টর। এবারের ভোটে নিজেদের আসন সংখ্যা বাড়াতে এই সমীকরণকেই পাখির চোখ করেছিল কংগ্রেস। রাহুল গান্ধীর সেই অঙ্কে জল ঢেলে দিলেন অখিলেশ। জাতীয় রাজনীতির পক্ষে এটা কি ঠিক হচ্ছে? সমাজবাদী পার্টির যুক্তি, গত বিধানসভা ভোটে আমেথি ও রায়বেরিলিতে খাতাই খুলতে পারেনি কংগ্রেস। আমেথির চারটির মধ্যে দুটি এবং রায়বেরিলির ছয়টির মধ্যে চারটি আসনে জিতেছিল সমাজবাদী পার্টি। নির্মম সত্যিটা হচ্ছে, সমাজবাদী পার্টির সেই ছয় বিধায়কের মধ্যে দুজন ইতিমধ্যেই যোগ দিয়েছে বিজেপিতে। তবুও সেই জেতা আসন ছাড়তে নারাজ অখিলেশ। আমেথি বা রায়বেরিলি থেকে কংগ্রেসকে আর কোনো আসন দেওয়া না হলে ইন্ডিয়া জোটের মধ্যে সমঝোতা দূর অস্ত হয়েই থেকে যাবে। ফায়দা লুটবে বিজেপি। সেক্ষেত্রে সারা দেশ যে জোটবদ্ধ বিরোধী লড়াই দেখতে উৎসুক তা নিতান্ত স্বপ্ন হয়েই থেকে যাবে। মানুষ কিন্তু গত ১২ বছর ধরে বিরোধীদের এই অনৈক্য দেখতে দেখতে  ক্লান্ত। 
দ্বন্দ্ব কিন্তু এনডিএ জোটেও কম নয়। জোটের একাধিক শরিক নেতারাও বাড়তি আসন চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে দরবার শুরু করেছেন। শরিকদের পাশাপাশি নিজেদের দলের প্রার্থী এবং নির্বাচিত বিধায়কদের দাবিও সামলাতে হচ্ছে বিজেপিকে। ফলে আসন বণ্টন নিয়ে ভারসাম্য বজায় রাখাই এখন বড়ো চ্যালেঞ্জ যোগী-অমিত শাহের। 
একথা নিশ্চিত উত্তরপ্রদেশের ফল আগামী ঊনত্রিশ সালের সাধারণ নির্বাচনের পটভূমি রচনা করবে। বিজেপি যেমন ঘুঁটি সাজাচ্ছে, ইন্ডিয়ারও উচিত সব ভুলে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলা। 
নাহলে জেন জির আন্দোলন। কৃষক বিক্ষোভ। চাকরি না পাওয়া বেকারের যন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির অভিশাপ থেকে গরিব 
মানুষের শাপমুক্তি স্রেফ কথার কথা হয়েই থেকে যাবে। আগামী সপ্তাহে সংসদের দুই কক্ষ সেই লড়াইয়ের পটভূমি রচনা করবে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাব সহ পাঁচ রাজ্য দখলের লড়াইয়ে ডিলিমিটেশন কী ছাপ ফেলে তাই ঊনত্রিশের ভোটেরও অভিমুখ চূড়ান্ত করবে। নেতা বাড়বে, জনপ্রতিনিধির সংখ্যা আকাশ ছোঁবে!
কিন্তু এদেশের ১৪০ কোটি মহান পাবলিকের দিনবদলের স্বপ্ন! সে তো চিরদিনই অধরা হয়েই থেকে যাবে,  তার অবস্থা বদলাবে না। এই অমোঘ সত্যটা সব্বাই জানে। আপাতত শুধু নেতাদের বসন্ত!