প্রীতম দাশগুপ্ত: স্কুলজীবনে একটা রচনা প্রায় কমন থাকত। বিজ্ঞান ‘আশীর্বাদ না অভিশাপ’। এখন শুনতে হচ্ছে, ‘উন্নয়ন আশীর্বাদ না অভিশাপ’। কারণ উন্নয়নের নামে যেভাবে জল-জঙ্গল দখল নেওয়া হচ্ছে, তাতে উদ্বিগ্ন পরিবেশবিদরা। বিরোধিতায় রাস্তায় নেমেছেন স্থানীয় মানুষও।
সাম্প্রতিক কয়েকটি উদাহরণ দিই। ছত্তিশগড়ের হসদেও অরণ্য। ‘মধ্য ভারতের ফুসফুস’ বলে পরিচিত এই অরণ্য জীব বৈচিত্র্যে ভরপুর। এখানেই একটি কয়লা খনির সম্প্রসারণ হবে। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন গোন্দ ও ওঁরাও আদিবাসীরা। গাছ কাটা রুখতে স্থানীয় মানুষজন দিনরাত জঙ্গলে পাহারা দিচ্ছেন। ওড়িশার সিজিমালি ও নিয়মগিরি। একসময় নিয়মগিরিতে গ্রামসভার ঐতিহাসিক রায়ে বক্সাইট খনি রুখে দিয়েছিল ডোংরিয়া কোন্ধ আদিবাসীরা। অথচ সেই ওড়িশারই রায়গড়া ও কালাহান্ডি জেলার সিজিমালি পাহাড়ে খনি ও সংযোগকারী রাস্তা তৈরির জন্য জঙ্গল কাটা হচ্ছে। আজ আবার আন্দোলনে নামতে হয়েছে স্থানীয়দের। ‘মা মাটি মালি সুরক্ষা মঞ্চ’-এর নেতৃত্বে গ্রামবাসীদের অভিযোগ, ভুয়ো গ্রামসভা দেখিয়ে বনভূমি ছাড়পত্র জোগাড় করা হয়েছে। এই খনি চালু হলে ইন্দ্রাবতী নদীর উৎস ও প্রাকৃতিক ঝর্নাগুলি চিরতরে শুকিয়ে যাবে। অরুণাচল প্রদেশের সিয়াং ও দিবাং উপত্যকায় মেগা বাঁধ দেওয়ার পরিকল্পনা সরকারের। তৈরি হবে জলবিদ্যুৎ। আর এই বাঁধ তৈরি হলে নাকি চীনের মোকাবিলা সম্ভব হবে। কিন্তু উত্তর-পূর্ব ভারতের এই প্রস্তাবিত বিশালাকার জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণের বিরুদ্ধে পথে নেমেছেন স্থানীয় ইদু মিশমি সম্প্রদায়ের মানুষ। তাঁদের আশঙ্কা, এই বাঁধ তৈরি হলে বিস্তীর্ণ বনাঞ্চল ও কৃষিজমি তলিয়ে যাবে। শুধু তাই নয়, ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। হিমালয় ও পশ্চিমঘাটের সড়ক প্রকল্পের কথাও উল্লেখ করা যায়। উত্তরাখণ্ডের চারধাম থেকে শুরু করে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালায় রাস্তা ও পরিকাঠামো নির্মাণের জন্য নির্বিচারে পাহাড় ও জঙ্গল কাটার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।
হসদেও অরণ্য বাঁচাও সংগ্রাম সমিতির আহ্বায়ক ও পরিবেশকর্মী অলক শুক্লা বলেছেন, ‘জঙ্গল আমাদের কাছে কেবল কাঠ বা কয়লার ভাণ্ডার নয়। এটি আমাদের অস্তিত্ব ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। গ্রামসভার সম্মতি উপেক্ষা করে কর্পোরেট স্বার্থে এই অরণ্য ধ্বংস করা হলে শুধু আদিবাসীরা নন, গোটা মধ্য ভারতের মানুষ জল ও বায়ুর সংকটে পড়বেন।’ সমাজকর্মীদের সংগঠন ন্যাশনাল অ্যালায়েন্স অব পিপলস মুভমেন্ট দাবি করেছে, সিজমালিতে খনি খনন করার ফলে পানিচিদা-সুয়াগড় নদী চিরতরে শুকিয়ে যাবে। হারিয়ে যাবে একশোরও বেশি চিরপ্রবাহী জলধারা। ফলে জলপ্রবাহ হারাবে ইন্দ্রাবতী নদীও। প্রাক্তন আমলাদের সংগঠন কনস্টিটিউশনাল কনডাক্ট গ্রুপ বলেছে, অরুণাচলে ওই বিরাট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ১ হাজার ৪১৬ হেক্টর বনভূমি অধিগ্রহণ করতে হবে। যার ফলে ৪৩ হাজার গাছ কাটা পড়বে। পাশাপাশি আরও ১হাজার ৫৯০ হেক্টর এলাকা জলমগ্ন হয়ে পড়বে।
আদিবাসী সমাজের কাছে অরণ্য মায়ের মতো। তাঁদের সংস্কৃতি, লোককথা, উৎসব এবং প্রতিদিনের জীবিকার উৎস। শুকনো কাঠ, মহুয়া, কেন্দুপাতা, মধু বা ভেষজ উদ্ভিদ সংগ্রহ করেই তাঁদের সংসার চলে। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, ততটাই তাঁরা প্রকৃতি থেকে নেন।। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভারসাম্য বজায় রেখেই তাঁরা বন্যপ্রাণ ও অরণ্যকে রক্ষা করেছেন। কিন্তু পরিহাসের কথা হল, এই আন্দোলনকারীদের উন্নয়ন বিরোধী তকমা দিতে দেরি হয়নি। আর যাঁরা মুনাফার লোভে লক্ষ লক্ষ গাছ কাটছেন, তাঁদের বলা হচ্ছে ‘উন্নয়নের কারিগর’। বৈপরীত্যটা লক্ষ্য করে দেখুন। জলবায়ু ও পরিবেশ নিয়ে কোনো একটা আন্তর্জাতিক সম্মেলন হোক। সেখানে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের অঙ্গীকারের কথা শোনা যাবে। বেশিদিন আগের কথা নয়, গত সেপ্টেম্বরেই দিল্লিতে পরিবেশ সংক্রান্ত এক আন্তর্জাতিক কনভেনশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকেই এখন আমাদের নজর। পরিবেশ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারতে উন্নয়ন ও পরিবেশ হাতে হাত রেখে চলে। তাহলে প্রশ্ন হল, এভাবে জঙ্গল সাফ করে কি ভারসাম্য রক্ষা করা যাচ্ছে?
সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই জঙ্গল কাটার প্রক্রিয়ায় দেশের প্রচলিত আইন ও গণতান্ত্রিক অধিকারকেও অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে। ২০০৬ সালের ঐতিহাসিক বনাধিকার আইন এবং পেসা আইনে স্পষ্ট বলা আছে যে, তফসিলি এলাকায় যে কোনো উন্নয়নমূলক প্রকল্প বা বনভূমি হস্তান্তরের আগে স্থানীয় গ্রামসভার সম্মতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বহু জায়গায় গ্রামসভার মতামতকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। কোথাও আবার ভুয়ো গ্রামসভা দেখিয়ে ছাড়পত্র জোগাড় করা হচ্ছে। কখনো প্রশাসনিক চাপ সৃষ্টি করে স্থানীয়দের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে বন সংরক্ষণ আইনের বিভিন্ন সংশোধনীও বাণিজ্যিক স্বার্থে জঙ্গল ব্যবহারের পথ আরও সহজ করে দিয়েছে। স্থানীয়দের এই প্রতিবাদ নিছক কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। বরং এটি হল অস্তিত্ব রক্ষার মরিয়া লড়াই। যে মানুষগুলি বংশপরম্পরায় অরণ্যকে আগলে রেখেছেন, আজ তাঁদেরই ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে। গাছ জড়িয়ে ধরে নারীদের কান্না, তির-ধনুক হাতে গ্রামবাসীদের অবরোধ কিংবা মাসের পর মাস ধরে চলা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে তাই উন্নয়ন বিরোধী বলে অনায়াসে দাগিয়ে দেওয়া যায় না। বরং তাঁদের লড়াইয়ের কারণটা খুঁজে দেখতে হয়। উন্নয়নের মাসুল কিন্তু সরাসরি গুনতে হয় স্থানীয় আদিবাসী ও কৃষকদেরই। তাঁদেরই চাষের জমি নষ্ট হয়। তাঁরা যে নদীর জল খান, সেটাই বিষাক্ত হয়ে পড়ে। আর জঙ্গল হারিয়ে তাঁরা রাতারাতি উদ্বাস্তুতে পরিণত হন। নিজভূমে পরবাসী হওয়ার যন্ত্রণা থেকেই তাঁদের এই আন্দোলন। বুঝতে হবে, উন্নয়নের চকচকে বিজ্ঞাপনের আড়ালে চাপা পড়ে যাচ্ছে প্রান্তিক মানুষের দীর্ঘশ্বাস।
কিন্তু উন্নয়ন মানে কী? কংক্রিটের জঙ্গল, চার লেনের রাস্তা বা বড় বাঁধ তৈরি মানেই কি সার্বিক প্রগতি? অর্থনীতির অঙ্কে জিডিপি বৃদ্ধি হলেই কি তাকে উন্নয়ন বলব? আজকের অর্থনীতি কিন্তু সেকথা বলে না। উন্নয়ন তখনই হবে, যখন দেশের প্রান্তিক মানুষের সার্বিক উন্নতি হবে। তাঁদের স্বাস্থ্য-শিক্ষা-জীবনযাত্রার সামগ্রিক উন্নতি হবে। কিন্তু আদিবাসীরা যদি নিজভূমেই পরবাসী হন, তবে কীভাবে তাঁদের উন্নতি হবে? প্রকৃত উন্নয়ন তখনই সার্থক হবে, যখন তা প্রকৃতিকে ধ্বংস করবে না। অরণ্যের আদিম সন্তানদের অধিকারকে মর্যাদা না দিলে প্রকৃত উন্নয়ন নিয়ে তো প্রশ্ন উঠবেই।
এর মানে এটা নয় যে, রাস্তাঘাট হবে না। বাঁধ নির্মাণ হবে না। দেশের স্বার্থেই পরিকাঠামো উন্নয়ন দরকার। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। থাকতে পারে না। এটাও অযৌক্তিক নয় যে, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কিছু প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতেই হবে। কিন্তু মনে রাখতে হবে, পরিবেশ রক্ষা আর অর্থনৈতিক উন্নয়ন পরস্পরের শত্রু নয়। এই তত্ত্ব আজ বিশ্বজুড়ে প্রমাণিত। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে উন্নয়নের মডেল নিয়ে নানাবিধ কাজ হচ্ছে। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সম্মেলনে কার্বন নিঃসরণ নিয়ে সতর্ক করেছে ভারত। সাম্প্রতিক বৈঠকে বিবৃতি দিয়েই ভারত বলেছে, বিজ্ঞান কার্য-কারণ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমাদের গ্রহ যে আগের চেয়ে উষ্ণ হয়ে উঠছে, তার প্রধান কারণ কয়েকটি অঞ্চলের শিল্পায়ন ও আর্থিক অগ্রগতি। এগুলিই গত দুই শতক ধরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে গিয়েছে। সোজা কথায় আন্তর্জাতিক মঞ্চে কিন্তু ভারত কয়লাভিত্তিক তাপবিদ্যুতের বদলে বিকল্প জ্বালানিতে জোর দিয়ে কার্বন নিঃসরণ কমানোর কথা বলছে। তাই একথা বলাই যায়, উন্নয়ন মানেই নির্বিচারে জল-জঙ্গল-জমি ধ্বংস করা যায় না। ভারসাম্যের উন্নয়নের জন্য প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছা এবং নীতি নির্ধারকদের সঠিক দৃষ্টিভঙ্গি।
চিপকো আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা সুন্দরলাল বহুগুণা বলেছিলেন, ‘বাস্তুতন্ত্রই হলো স্থায়ী অর্থনীতি।’ আজকের জলবায়ু সংকটের যুগে তাঁর সেই কথা রীতিমতো প্রাসঙ্গিক। বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী মাধব গ্যাডগিল বহুবার সতর্ক করে বলেছেন, ‘পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলিতে অপরিকল্পিত খনি, বাঁধ ও রাস্তা নির্মাণের ফলেই আজ আমরা বারবার ভয়াবহ ভূমিধস ও বন্যার মতো বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি।’ কথাটা তো সত্যিই। পরিণতি তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। কখনো অতিবৃষ্টি, কখনো খরা। উষ্ণ হচ্ছে পৃথিবী। তার প্রভাব পড়ছে পাহাড়ে। একের পর এক ধস। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের মতো শঙ্কা রয়েছে আমাদের দেশেও। আর জঙ্গল হল ফুসফুস। কার্বন টেনে নিয়ে পরিবেশকে সুরক্ষিত রাখে। তাকে নির্বিচারে ধ্বংস করলে আমরা বাঁচব তো?
কবি লিখেছিলেন, ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি এক বসবাসের অযোগ্য পৃথিবী রেখে যাব? তাই এই লড়াইকে কেবল প্রান্তিক মানুষের সমস্যা বলে এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। আদিবাসীদের লড়াই শুধু নিজেদের জন্য নয়, আসলে এটা গোটা দেশের সুস্থ ভবিষ্যতের লড়াই। অরণ্য ধ্বংসের এই প্রভাব কেবল আদিবাসী সমাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে—এমন ভাবাটাই চরম মূর্খামি। প্রকৃতি কোনো ভৌগোলিক বা সামাজিক সীমানা মানে না। তাই গ্রামসভার প্রতিবাদী কণ্ঠস্বর শোনার সময় এখনই। নইলে অরণ্যের এই আর্তনাদ, একদিন আমাদের সকলের অস্তিত্বকেই গ্রাস করবে।


