Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মারগাওয়ের গরম অস্বস্তিতে রাখছে কামিংস-রবসনদের

মেঘলা আকাশ।  খেপে খেপে বৃষ্টিতে ভিজছে কলকাতা। কিন্তু গোয়ার মারগাও যেন ফুটন্ত কড়াই। বিকেলেও তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি। আর্দ্রতাও প্রবল। দাঁড়িয়ে থাকলেও ঘাম ছুটছে কুলকুলিয়ে।

মারগাওয়ের গরম অস্বস্তিতে রাখছে কামিংস-রবসনদের
  • ৮ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেঘলা আকাশ।  খেপে খেপে বৃষ্টিতে ভিজছে কলকাতা। কিন্তু গোয়ার মারগাও যেন ফুটন্ত কড়াই। বিকেলেও তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি। আর্দ্রতাও প্রবল। দাঁড়িয়ে থাকলেও ঘাম ছুটছে কুলকুলিয়ে। গোয়া ম্যাচের আগে এমন আবহাওয়াই অস্বস্তিতে রাখছে সের্গিও লোবেরাকে। বৃহস্পতিবার অনুশীলনের পর বিকেলে গোয়া পৌঁছায় মোহন বাগান। শনিবার চলতি আইএসএলে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন কামিংসরা। নেহরু স্টেডিয়ামে লোবেরা ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচ শুরু বিকেল ৫টায়। ফলে বল গড়ানোর সঙ্গেই শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে যাবে। ৯০ মিনিট গতিশীল ফুটবল খেলা বেশ সমস্যার। উল্লেখ্য,  চলতি টুর্নামেন্টে ৯ ম্যাচে ২০ পয়েন্ট মোহন বাগানের। এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে ইস্ট বেঙ্গল। গোয়াকে বশ মানাতে পারলেই শীর্ষস্থান পুনরুদ্ধার করবে গঙ্গাপাড়ের ক্লাব। তাই যে করেই হোক ৩ পয়েন্ট পেতে মরিয়া মোহন বাগান সারথি।

Advertisement

সের্গিও লোবেরা অভিজ্ঞ কোচ। স্বদেশি মানোলো মার্কুয়েজও পোড়খাওয়া সেনাপতি। দুই স্প্যানিশ কোচের ডুয়েল দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে ফেডারেশনের নিষেধাজ্ঞায় কপাল পুড়েছে মানোলোর। ইস্পাতনগরীতে জামশেদপুরের বিরুদ্ধে হারের পর মেজাজ হারিয়ে ফেডারেশনকে দুষেছেন তিনি। এরপরেই মানোলোকে নির্বাসিত করা হয়েছে। ফলে মোহন বাগানের বিরুদ্ধে গোয়ার ডাগ-আউটে বসতে পারবেন না তিনি। হাই-ভোল্টেজ ম্যাচে যা ফ্যাক্টর হতেই পারে। অনুশীলনে ইঙ্গিত, পরিচিত আক্রমণাত্মক ফর্মেশনেই দল সাজাবেন লোবেরা। চোট কাটিয়ে আলবার্তো ও আপুইয়া ফেরায় মোহন বাগান অনেক চনমনে। মাঝমাঠের দখল নিয়ে গোয়ার বিষদাঁত উপড়ে ফেলতে চান লোবেরা। আইএসএলের আগে নানা টানাপোড়েনে ঘর ভেঙেছে গোয়ার। বোরহা, তিমোরের মতো ফুটবলার দল ছেড়েছেন। ফলে সাজানো মাঝমাঠ অনেকটাই অগোছালো। সেখানেই আঘাত হানতে চান লোবেরা। ঘরের মাঠে বাড়তি চার্জড লিস্টনও। ফাতোরদায় তিনি ছন্দে থাকলে চিন্তা কমবে মোহন বাগান টিম ম্যানেজমেন্টের। লোবেরার ভাঁড়ারে ম্যাচ উইনার প্রচুর। প্রয়োজনে দ্বিতীয়ার্ধে আপফ্রন্টে তিন বিদেশি খেলানোর বিলাসিতা দেখাতেই পারেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ