• শতবর্ষে মহানায়ক। তাই উৎসবও মহাযজ্ঞের মেজাজে। চারদিনের জন্য ফের যেন উত্তমময় হয়ে উঠতে চলেছে টালিগঞ্জ, পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে, সঙ্গে তামাম টলিপাড়ার ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। ৩ সেপ্টেম্বর, মহানায়কের জন্মদিনের সকাল থেকে ৬ সেপ্টেম্বর—চার দিন ধরে ‘শতবর্ষে মহানায়ক: আ সেঞ্চুরি অব স্টারডম’। মেনুতে চলচ্চিত্র উৎসব থেকে আলোচনা, শিল্পী সংবর্ধনা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সিনে-আড্ডা। শুরুটা ৩ সেপ্টেম্বর সকালেই। টালিগঞ্জ এবং আহিরীটোলায় উত্তমকুমারের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে উৎসবের সূচনা। ওই দিনই বিজলী সিনেমার সামনে উন্মোচিত হবে বিশ ফুটের বিশেষ কাট-আউট। সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অ্যাকাডেমি অব ফাইন আর্টস থেকে শুরু হবে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা। একতারা মঞ্চে মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে হবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন।
পরের দিন, ৪ সেপ্টেম্বর থেকে নন্দন ১, ২ এবং রাধা স্টুডিয়োয় শুরু উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি ‘নায়ক’। মোট ১৪টি ছবি দেখানো হবে। উত্তমকুমারের অভিনয় জীবনের নানা অধ্যায় যেন পর্দায় ফের একসঙ্গে হাঁটবে। রবীন্দ্রসদনে সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য প্রকাশ করবেন উত্তমকুমারের ছবি-সম্বলিত ডাকটিকিট এবং বিশেষ খাম। মহানায়কের সঙ্গে অভিনয় করা শিল্পীদের দেওয়া হবে সংবর্ধনা। থাকবে তাঁদের সঙ্গে আড্ডাও। দেখানো হবে তথ্যচিত্র ‘মহানায়ক: সুপারস্টার জার্নি’।
৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে আলোচনার বিষয়—‘নায়িকাদের চোখে উত্তমকুমার’ এবং ‘অভিনেতা উত্তমকুমার’। অংশ নেবেন উত্তমকুমারের সময়ের শিল্পী-কলাকুশলী, পাশাপাশি সাম্প্রতিক প্রজন্মের প্রতিনিধিরাও। অর্থাৎ স্মৃতির সঙ্গে বর্তমানের মুখোমুখি বসার আয়োজন। শেষ সন্ধ্যাও কম যায় না। দেবজ্যোতি মিশ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিকল্পনায় রবীন্দ্রসদনে মঞ্চস্থ হবে সঙ্গীত ও নৃত্যনির্ভর বিশেষ উপস্থাপনা—‘উত্তমকুমারের প্রতি সঙ্গীতের শ্রদ্ধাঞ্জলি’। আর উৎসবের আর একটি বড়ো ঘোষণা—নিউ টাউনে স্থাপিত হবে উত্তমকুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর। মহানায়ক ও মহানায়িকা যুগল প্রতিযোগিতাও থাকছে। উত্তম-সুচিত্রার সাজে প্রথম তিন সেরা জুটি পাবেন আকর্ষণীয় উপহার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘শতবর্ষ শুধু একটা দিন নয়, সেলিব্রেশন। উত্তমকুমারের আইকনিক জায়গাটা জেন জি-র কাছে পৌঁছে দেওয়াটাই উদ্দেশ্য।’ এদিন উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি সচিব ড. সৌমিত্র মোহন, রূপা গঙ্গোপাধ্যায়, জিৎ, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, উত্তমকুমারের পুত্রবধূ-সহ আরও অনেকে। নন্দন ২-এ সাংবাদিক সম্মেলনে উৎসবের সূচি ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। প্রিয়ব্রত দত্ত