স্বস্তি ও অস্বস্তির দোলাচলে রইলেন ‘ধুরন্ধর’ ছবির নির্মাতারা। সোমবার হাইকোর্ট জানিয়ে দিল, ছবি মুক্তির ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে একটি শর্তও চাপিয়েছে তারা। সেন্সর বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে রণবীর সিং অভিনীত ছবিকে সেনাবাহিনীকে দেখাতে হবে। বাহিনী থেকে সবুজ সংকেত পেলে তবেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে এই সিনেমা। ফলে, এখনই স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না নির্মাতারা। আগামী ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে শহিদ মেজর মোহিত শর্মার পরিবারের সদস্যরা মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদনের রায় ঘোষণা হল এদিন। অন্যদিকে, সম্প্রতি গোয়ায় আয়োজিত ইফির সমাপ্তি অনুষ্ঠানে ‘কান্তারা’ ছবির কিছু দৃশ্য অনুকরণ করেন রণবীর। তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দক্ষিণ ভারতে ‘ধুরন্ধর’ ছবির শো নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।



