গল: প্রত্যাশা মতোই শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হেলায় হারাল ভারত। লাল বলে এই সাফল্য পেয়ে উৎসবের মেজাজে ভারতীয় শিবির। কোচ গম্ভীরের মুখে ধরা পড়েছে হাসি। উচ্ছ্বাস চাপা থাকেনি ক্যাপ্টেন শুভমান গিলের। শ্রীলঙ্কাকে গল টেস্টে হারানোর সুবাদে ভারত ১২ পয়েন্ট পেল। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথ খোলা রইল টিম ইন্ডিয়ার কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি ম্যাচ ধরলে মোট আটটি টেস্ট বাকি টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডে খেলতে হবে দু’টি। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট। এই মুহূর্তে পয়েন্ট পার্সেন্টেজে ভারত পাঁচ নম্বরেই রয়েছে। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে মনোবল বাড়িয়ে নেওয়া জরুরি ছিল। সেই লক্ষ্যে গম্ভীরের ছেলেরা অনেকটাই সফল। গিল বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা। তাই এই জয়টা জরুরি ছিল। খুবই তৃপ্তিদায়ক সাফল্য। আবহাওয়ার কারণে একটু চিন্তায় ছিলাম। তবে দল হিসাবে আমরা দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। বিশেষ করে বল হাতে সুথারের প্রশংসা করতেই হবে। ব্যাটার দেবদত্ত পাদিক্কালও তিন নম্বরে নেমে দায়িত্ব পালনে সফল।’ তবে দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৩ রানে অল-আউট হয়। সেটা অবশ্যই চিন্তায় রাখবে কোচ গৌতম গম্ভীরকে। তবে গিলের বক্তব্য, ‘এই পিচে ব্যাট করা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সেই কারণে আমরা চিন্তিত নই।’



