Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মেখলিগঞ্জ বিধানসভা আসনে এবার লড়াই নতুনের উদ্দীপনা বনাম পুরাতনের অভিজ্ঞতা

বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী

মেখলিগঞ্জ বিধানসভা আসনে এবার লড়াই নতুনের উদ্দীপনা বনাম পুরাতনের অভিজ্ঞতা
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। ৭৩ বছর বয়সেও নিজের বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে তিনি যে দাপট দেখাচ্ছেন, তাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রধান বিরোধী বিজেপি প্রার্থী দধিরাম রায়কে। অভিজ্ঞতার ঝুলি আর জনসংযোগের মেলবন্ধনে পরেশবাবু বর্তমানে এই কেন্দ্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

Advertisement

কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একদিকে বিজেপির পক্ষ থেকে বছর ৪৩’র দধিরাম রায় তরুণ প্রজন্মকে সমর্থন ও পরিবর্তনের ডাক দিচ্ছেন, অন্যদিকে পরেশচন্দ্র অধিকারী নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন। লড়াই মূলত নতুনের উদ্দীপনা বনাম পুরাতনের অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। 
জোড়াফুলের মেখলিগঞ্জ আসনের প্রার্থী পরেশবাবু সাতসকালেই বেরিয়ে পড়ছেন প্রচারে। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে ভোটারদের দরজায় দরজায় কড়া নাড়ছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন। তাঁর এই ক্লান্তিহীন সক্রিয়তা মেখলিগঞ্জের রাজনৈতিক মহলে বিশেষ সাড়া ফেলেছে। মেখলিগঞ্জের প্রতিটি বুথে নিজের পরিচিতি ও ব্যক্তিগত সংযোগকে কাজে লাগাচ্ছেন তিনি। 
অন্যদিকে, বিজেপি প্রার্থী দধিরাম রায় গেরুয়া শিবিরের রাজ্য নেতাদের নিয়ে এসে সভার আয়োজন করলেও স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনে পরেশচন্দ্র অধিকারীর থেকে তিনি কিছুটা পিছিয়ে পড়ছেন বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা। 
তৃণমূল প্রার্থী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে জনগণের ব্যাপক সাড়া মিলছে। প্রচারে বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায় না। অন্যদিকে, বিজেপি প্রার্থী বলেন, সর্বত্রই প্রচারে সাড়া মিলছে। এবার মেখলিগঞ্জ আসনে বিজেপির জয় হবে। বিজেপির হলদিবাড়ি শহর মণ্ডলের সহ সভাপতি দিলীপ মল্লিকের কথায়, চাকরি চুরির মূল নায়ক পরেশচন্দ্র অধিকারীকে মেখলিগঞ্জের মানুষ আর চায় না। আমাদের প্রার্থী যুবক। সর্বত্র ছুটে বেড়াতে পারেন। এবার আমরা মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ক্ষমতায় আসব।

Advertisement
সম্পর্কিত সংবাদ