নিকাশির নোংরা জলে ভাসছে বারুইপুর হাসপাতালের প্রবেশপথ, বাড়ছে ক্ষোভ
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঢোকার পথ নিকাশির নোংরা জলে ভাসছে। সেই নোংরা জলে পা দিয়েই ঢুকতে হচ্ছে রোগীর পরিবার-পরিজনদের। বেজায় ক্ষুব্ধ তাঁরা। অভিযোগ, কয়েক মাস ধরেই এই সমস্যা পোহাতে হচ্ছে। কবে পরিস্থিতি ঠিকঠাক হবে, প্রশ্ন তুলছেন তাঁরা। হাসপাতালের সুপার ডাঃ সুপর্ণকান্তি মণ্ডল বলেন, ‘ঊর্ধ্বতন 

Advertisement

কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। ড্রেনেজ সিস্টেমে সমস্যা হয়েছে। অস্থায়ীভাবে দ্রুততার সঙ্গে মেরামত করার প্রক্রিয়া চলছে।’
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন রোগীর ভিড় বাড়ছে। সুন্দরবনের কুলতলি, মৈপীঠ, জয়নগর থেকে বারুইপুর, মগরাহাট, বিষ্ণুপুর, সোনারপুর থেকে মানুষজন আসেন এই হাসপাতালে। কিন্তু হাসপাতালের গেটে ঢোকার মুখেই কালভার্ট থেকে নোংরা জল বেরিয়ে প্রবেশপথ জলমগ্ন করে দিচ্ছে। এমনকি, হাসপাতাল সংলগ্ন চত্বরে যে শৌচালয় আছে, সেখানেও একই অবস্থা। রোগীর পরিবার থেকে সাধারণ মানুষ এই জমা জলের সমস্যায় প্রতিদিন জেরবার হচ্ছেন। ভুক্তভোগীরা জানান, কোনো পাইপ লিকেজ হয়ে শৌচালয়ের জল বেরিয়ে আসছে। হাসপাতাল সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস লিমিটেড হাসপাতালের ড্রেনেজ সিস্টেম দেখাশোনা করে। অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে পরিষ্কার হয়নি এখানকার নিকাশি। হাসপাতাল কর্তৃপক্ষ ও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস লিমিটেড কর্তৃপক্ষ সমস্যার স্থায়ী সমাধানের জন্য নিকাশির আবর্জনা তুলে ফেলতে বারুইপুর পুরসভাকে একাধিক চিঠি দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। ফলে নোংরা ফেলার জায়গাও পাওয়া যায়নি। এতেই মুশকিলে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্যার স্থায়ী সমাধান কীভাবে হবে, ভেবে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার জন্য পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীকে ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।