কেন্দ্র-রাজ্য সহযোগিতায় জেলার উন্নয়ন হবে, আসানসোল থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • ৫ নভেম্বর, ২০২৬ ২১:২০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: 'ছট পুজোর পর পশ্চিম বর্ধমান জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে আসব। আমি কথা দিচ্ছি এই মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের সমস্ত প্রতিষ্ঠানকে এক টেবিলে বসিয়ে পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নের গতিকে ত্বরান্বিত করব। আমি উত্তরবঙ্গে গিয়ে যেমন দার্জিলিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা ২০০৯ সাল থেকে বিজেপিকে সমর্থন করছেন। একইভাবে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করে আসছেন। তাই আপনারা হলেন আমাদের সবচেয়ে পুরনো সমর্থক। এখন শাসক হিসাবে আপনাদের জন্য যদি বেশি কাজ করতে না পারি তাহলে নিজেদের কাছে অপরাধী হয়ে থেকে যাব'। বৃহস্পতিবার রাতে হীরাপুর থানার নাকরাসোতা কালীপুজো উদ্বোধনে এসে এভাবেই আসানসোল শিল্পাঞ্চলের প্রতি নিজের কৃতজ্ঞতা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছট পুজোর পর থেকেই জেলার উন্নয়নের গতি যে কেন্দ্র, রাজ্য সহযোগিতায় অন্য মাত্রা পাবে তাও এদিন বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

এদিন কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই তিনি বলেন, বিধান চন্দ্র রায়ের আমলে আসানসোল শিল্পাঞ্চলে কেন্দ্র ও রাজ্যের বহু কারখানা গড়ে ওঠে। তারপরে কয়লা ও বালি মাফিয়াদের রাজত্বের, দুর্নীতিগ্রস্তদের রাজত্বে সব নষ্ট হয়ে গিয়েছে। মায়ের কাছে প্রার্থনা করি আসানসোল শিল্পাঞ্চলের হৃত গৌরব যেন ফিরিয়ে আনতে পারি। এরপরই তিনি বেদান্তগোষ্ঠীর বিনিয়োগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সংস্থার কর্ণধার অনিল আগরওয়াল আমাকে কথা দিয়ে গেছেন দফায় দফায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। দশ হাজার মানুষ কর্মসংস্থান পাবেন। আরো জানান কেন্দ্রীয় সংস্থা সেইলের ব্যাপক বিনিয়োগ এসেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। মঞ্চ থেকে আসানসোল পুরসভার পরিষেবা উন্নত রাখারও বার্তা দেন পুর প্রশাসক দিলীপ মিশ্রকে। তিনি বলেন, আসানসোল পুর এলাকার জল সমস্যা, জঞ্জাল সাফাই, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারের কাজ সঠিকভাবে করুন। যত দিন না পুরসভা নির্বাচন হচ্ছে ততদিন আপনি সরকারের চোখ। আপনাকে দায়িত্ব নিতে হবে, রাজ্যের পুর মন্ত্রীর নিজের নির্বাচনী ক্ষেত্রে তার সম্মান মুখ্যমন্ত্রী সম্মান যেন বজায় থাকে।  

নাকরাসোতা এই কালীপুজোর পেট্রোন-রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার আবেদনের সাড়া দিয়েই যে তিনি এই পুজা উদ্বোধনে এসেছেন মঞ্চে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অগ্নিমিত্রা পাল আমাকে জানান আসানসোল পের করে আপনি বারাবনি নুনিতে কালীপুজো উদ্বোধনে যাবেন ছয় মাস ধরে আসানসোলের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে । একটি পুজোর উদ্বোধনে অন্তত আসুন। উনি মাতৃ শক্তি উনার আবেদন আমার কাছে নির্দেশ। এ দিনের পূজা উদ্বোধনে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, পার্থ ঘোষ লক্ষণ চন্দ্র ঘোড়ুই।