নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি-শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা হেনস্তার শিকার ও গ্রেপ্তার হচ্ছেন। এমনকি ‘বাংলাদেশি’ তকমাও জুটছে তাঁদের। এমন অভিযোগে বিজেপির বিরুদ্ধে আগে থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই তালিকায় শুধুমাত্র বিজেপি-শাসিত রাজ্যই নয়, জুড়ে গিয়েছে কংগ্রেস-শাসিত রাজ্যেরও নাম! এমনই ভয়ংকর তথ্য সামনে এনে ‘হাত’-এর দলকে খোঁচা দিল তৃণমূল। এই ইস্যুতে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যেকার দূরত্ব আরও বাড়ল।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস-শাসিত কর্ণাটক এবং তেলেঙ্গানাতেও বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু কংগ্রেস কোনও পদক্ষেপ করেনি। বাংলার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াননি। পরিযায়ী শ্রমিকদের উপর সংঘটিত সব ঘটনা আমরা সংসদের আগামী অধিবেশনে তুলে ধরব।
অভিষেক আরও বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রতিটি নির্বাচনে জিতছে তৃণমূল। অন্যদিকে, কংগ্রেস প্রতি ভোটে বিজেপির কাছে হেরেই চলেছে। আমরা বিজেপির সঙ্গে কোনও সমঝোতা করিনি। কিন্তু অন্য দলকে তা করতে দেখা গিয়েছে। তাই মেঘালয়ের মতো রাজ্যে কংগ্রেস বিধায়করা দল ছেড়ে এনডিএ’তে চলে গিয়েছেন। কিন্তু সেখানকার তৃণমূল বিধায়করা শত প্রলোভন সত্ত্বেও দল ছাড়েননি।