Bartaman Logo
৯ জুন, ২০২৬

কোনোদিন অর্থ বা ক্ষমতার পিছনে ছুটিনি, ইস্তফা দিয়ে মন্তব্য সিদ্ধারামাইয়ার

ইস্তফা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন সিদ্ধারামাইয়া।

কোনোদিন অর্থ বা ক্ষমতার পিছনে ছুটিনি, ইস্তফা দিয়ে মন্তব্য সিদ্ধারামাইয়ার
  • ২৮ মে, ২০২৬ ১৬:৩৪
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৮ মে: জল্পনার অবসান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধারামাইয়া। আজ, লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। আগামী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ সময়ের অপেক্ষা।

Advertisement

ইস্তফা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েন সিদ্ধারামাইয়া। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, ‘পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ডিকেএসের নাম প্রস্তাব করেছে কংগ্রেস হাইকমান্ড। এই প্রস্তাবে আমি সম্মতি দিয়েছি। কোনোদিন অর্থ বা ক্ষমতার পিছনে দৌড়ে বেড়াইনি।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী পদ থেকে সিদ্ধারামাইয়ার বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। ঘোষণা ছিল শুধু সময়ের অপেক্ষা। আজ সকালে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে যান ডিকেএস। তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। এর কিছুক্ষণ পরে মন্ত্রিসভার সহকর্মীদের কাছে নিজের পদত্যাগের বার্তা পাঠান সিদ্ধারামাইয়া। এর পরে দুপুর তিনটে নাগাদ উত্তরসূরীকে সঙ্গে নিয়ে লোকভবনে (আগে যা ছিল রাজভবন) পৌঁছে যান বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। রাজ্যপালের হাতে তুলে দেন ইস্তফাপত্র।
কংগ্রেস সূত্রে খবর, কর্ণাটকের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘পুনর্বাসন’ হতে চলেছে জাতীয় রাজনীতিতে। এবছর কর্ণাটক থেকে রাজ্যসভার তিনটি আসন খালি হতে চলেছে। সেখান থেকে জিতিয়ে বর্ষীয়ান এই নেতাকে দিল্লিতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গে-রাহুল গান্ধীরা। যদিও সে প্রস্তাবে তিনি সম্মতি দেবেন কি না, তা সময় বলবে।

সম্পর্কিত সংবাদ