Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন জামাকাপড় ও সংসারের টাকা জমিয়ে প্রথম পুজো প্রমীলাদের

সারা বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষায় থাকে অগুনতি মানুষ। পুজোয় দামি শাড়ি, জিনস, জামা, জুতো, ব্যাগ ইত্যাদি কেনার জন্য অনেক আগে থেকেই টাকা জমাতে শুরু করেন অনেকে।

নতুন জামাকাপড় ও সংসারের টাকা জমিয়ে প্রথম পুজো প্রমীলাদের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সারা বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষায় থাকে অগুনতি মানুষ। পুজোয় দামি শাড়ি, জিনস, জামা, জুতো, ব্যাগ ইত্যাদি কেনার জন্য অনেক আগে থেকেই টাকা জমাতে শুরু করেন অনেকে। পুজোর মাস দু’য়েক আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা। জামাকাপড়ের দোকান থেকে শুরু করে শপিং মল ভরে ওঠে ক্রেতাদের ভিড়ে। চলে অনলাইনেও কেনাকাটা। কুলপির বেলপুকুর গ্রামে অবশ্য ভিন্ন ছবি। এই গ্রামের মহিলারা সারা বছর ধরে টাকা জমিয়েছিলেন জামাকাপড় কিনবেন বলে। সংসারের খরচ বাঁচিয়েও অল্প অল্প করে রেখেছিলেন টাকা। সেই টাকা দিয়ে তাঁরা গড়েছিলেন তহবিল। এই তহবিলে জুড়েছে তাঁদের হাতখরচের টাকাও। এই জমানো টাকা দিয়েই এবার গ্রামে প্রথম দুর্গাপুজোর আয়োজন করছে প্রমীলা বাহিনী। 

Advertisement

বেলপুকুর আগমনী মহিলা সংঘের ব্যানারে পুজোর আয়োজন করেছেন তাঁরা। পুজো কমিটির সভানেত্রী মৌমিতা পাঁজা বলেন, দুর্গাপুজোর সময় গ্রামে বসে বোঝাই যেত না যে, উৎসব চলছে। বেলপুকুর গ্রামে এতদিন কোনও দুর্গাপুজো হয়নি। ঠাকুর দেখতে হলে গ্রামের কচিকাঁচা থেকে প্রবীণদের যেতে হতো দূরে। তাই আমরা মানে স্মৃতিলতা পাঁজা, কবিতা পাঁজার মতো মহিলারা বসে এই গ্রামে পুজো করার পরিকল্পনা করি। এই ভাবনায় সায় দিয়েছেন সব মহিলাই।
জাঁকজমকের সামর্থ্য নেই তাঁদের। তাই অল্প বাজেটেই দুর্গাপুজো সারতে চাইছেন তাঁরা। অনেকেই সারা বছর ধরে জমানো টাকা তুলে দিয়েছেন উদ্যোক্তাদের হাতে। কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও দিয়েছেন পুজোর ফান্ডে। এছাড়াও কেউ কেউ সামর্থ্য অনুযায়ী দান করেছেন গ্রামের প্রথম দুর্গাপুজোয়।
শুরুতে বৃষ্টির জন্য প্রস্তুতি কিছুটা হলেও ব্যাহত হয়েছে। মণ্ডপের কাঠামো তৈরি, বাকি কাপড় দিয়ে মোড়ানোর কাজ। উদ্যোক্তাদের দাবি, কয়েকদিনের মধ্যেই মণ্ডপ তৈরি হয়ে যাবে। গ্রামে প্রথম পুজো হচ্ছে, এতেই উৎসাহের আমেজ ছড়িয়ে পড়েছে সব ঘরে। কার কী দায়িত্ব, তা ভাগ করে দেওয়া হয়েছে। বেলপুকুরের পাঁজাপাড়ায় এখন ব্যস্ততা চরমে।

সম্পর্কিত সংবাদ