সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানার পুলিশকে মাসোহারা পাঠিয়ে রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা। একথা এই জনপদের বহু মানুষ জানেন। তারকেশ্বর-চকদিঘি রোডে আশুতোষ কোল্ড স্টোরেজের সামনে এমন একাধিক দোকান রয়েছে, যেখানে প্রকাশ্যেই বিক্রি হয় বেআইনি মদ-চোলাই। সেই দোকানিরাই বললেন, সব রকম মদ পাওয়া যায় এখানে। পুলিশ সব জেনেও কিছু বলে না। মাসে মাসে তাদের টাকা পাঠানো হয়। মুখ্যমন্ত্রী যেখানে বেআইনি মদ বন্ধের নির্দেশ দিয়েছেন, সেখানে কীভাবে পুলিশ টাকা নিয়ে বেআইনি ব্যবসা চালাতে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
এইসব দোকানে সব বয়সের ক্রেতাদের অবাধ যাতায়াত। অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে যুবকরা। মাসখানেক আগে এক আদিবাসী যুবক দেশি মদ খাওয়ায় মারা গিয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। স্থানীয় বাসিন্দারা সকলেই চাইছেন, এই বেআইনি ব্যবসা বন্ধ হোক। প্রশাসনের উদাসীনতা ও সচেতনতার অভাবই এ কারণে দায়ী।
স্থানীয় পঞ্চায়েতের প্রধান রীনা মুর্মু বলেন, আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনাটি সত্যি। অবিলম্বে এই ধরনের বেআইনি মদ ও চোলাইয়ের ব্যবসা বন্ধ করা প্রয়োজন। স্থানীয় বাসিন্দা শশাঙ্ক দুলের অভিযোগ, পুলিশ ও আবগারি দপ্তরকে নিয়মিত টাকা দেয় মদ ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কানোয়ার ভূষণ সিং বলেন, বিষয়টি জানা নেই। তবে বিভিন্ন জায়গায় বেআইনি মদ ও চোলাইয়ের বিরুদ্ধে নিয়মিত তল্লাশি চালানো হয়। তারকেশ্বরের কোন এলাকায় এমন ঘটনা ঘটছে, তা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।