রামকুমার আচার্য, আরামবাগ: মিশরের পিরামিড থেকে দিল্লির লালকেল্লা, অকাল বোধনের থিমে সাজছে আরামবাগের দুর্গাপুজোর মণ্ডপগুলি। সীমিত বাজেটের মধ্যেই দর্শনার্থীদের নজর কাড়তে উদ্যোক্তারা নানা থিম ভাবনায় মণ্ডপ সাজাচ্ছেন। এখন অধিকাংশ পুজো মণ্ডপেই শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। পঞ্চমী থেকে মণ্ডপগুলির উদ্বোধন শুরু হবে।
আরামবাগ শহরের হাইস্কুল মাঠে মানিক সংঘের পুজো দীর্ঘদিনের। এবার তাদের পুজো ৮৯তম বর্ষে পদার্পণ করেছে। তাদের পুজোর থিম ‘মধ্যবিত্তের স্বপ্ন’। একইসঙ্গে তাদের এবারের পুজোয় বিশেষ আকর্ষণ থাকছে জীবন্ত দুর্গা। মা দুর্গার সপরিবার জীবন্ত রূপ মণ্ডপের সামনে ফুটিয়ে তোলা হবে। এরজন্য আনা হচ্ছে শিল্পীদের। তারসঙ্গে দেবীর সম্পর্কে নানা অজানা ইতিহাস জানানো হবে। তবে দেবীর প্রতিমা হচ্ছে সাবেকি।
পুজো কমিটির সম্পাদক অতনু মান্না বলছেন, মধ্যবিত্তের লাইফ স্টাইল ফুটে উঠবে আমাদের পুজো মণ্ডপে। মধ্যবিত্ত বাঙালি স্বপ্ন দেখে ফ্ল্যাট, গাড়ির। তারপরেও মধ্যবিত্তর সবচেয়ে বড়ো সম্পদ তার আত্মসম্মান। স্বপ্ন বাস্তবায়িত করতে তার লড়াই নানা কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। আমাদের এবার বাজেট রয়েছে প্রায় সাড়ে ন’লক্ষ টাকা।
আরামবাগ হাইস্কুল মাঠেই আরও একটি জমাটি থিমের পুজো এবার বিশেষ আকর্ষণ বাড়াবে। ৩৩তম বর্ষে ৩-এর পল্লির উদ্যোক্তারা এবার দিল্লির লালকেল্লার আদলে পুজো মণ্ডপ তৈরি করছে। বাজেট রয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা। পুজো কমিটির কোষাধ্যক্ষ শান্তি সিংহ বলেন, আমাদের পুজোয় প্রত্যেকবারের মাতো এবারও মেলা বসবে। খাবারের স্টলের পাশাপাশি স্টেশনারি দোকান ও নাগরদোলা বসবে। ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত মেলা চলবে। আরামবাগের দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দিরের এবারের পুজো ৫৭তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের থিম ‘জয় ভবানী জয় শিবাজি’। পুজো মণ্ডপকে ঘিরে তৈরি হচ্ছে দুর্গ। সোলা, থার্মোকল সহ নানা সামগ্রী দিয়ে ওই দুর্গ তৈরি করা হচ্ছে। তারসঙ্গে নানা মডেলও তৈরি হয়েছে। পুজো কমিটির সম্পাদক কার্তিক দত্ত বলেন, ছত্রপতি শিবাজির বীরত্বের ইতিহাস ও তারসঙ্গে মা দুর্গার আরাধনা-সবকিছুই এক যোগে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। আরামবাগের বাসুদেবপুর স্পোর্টস ক্লাবের এবারের পুজো ৩৩তম বর্ষে পড়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, কাপড়ের উপর থার্মোকল দিয়ে মিশরীয় সভ্যতা ফুটিয়ে তোলা হচ্ছে। তবে প্রতিমা সাবেকি। পুজো কমিটির সদস্য পিন্টু দাস বলেন, মিশরের বিখ্যাত পিরামিড, মমি সব কিছুর আদলেই আমরা পুজো মণ্ডপ তৈরি করছি। এখন জোর কদমে মণ্ডপের কাজ চলছে। এবার প্রায় সাত লক্ষ টাকা বাজেট।
আরামবাগের মায়াপুরে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগেও দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। পুজোর থিমে উঠে আসছে ‘অকাল বোধন’। এবার তাদের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। সোলা, থার্মোকল, মাটি প্রভৃতি দিয়ে নানা মডেল ও প্যান্ডেলের মাধ্যমে পুজোর থিম ফুটিয়ে তোলা হচ্ছে। বিধায়ক বলেন, মায়াপুরে আমাদের পুজো দেখতে মহাসপ্তমী থেকে বহু দর্শনার্থী ভিড় করে। এবার পুজোর বাজেট পাঁচ লক্ষ টাকা। আশা করি, এবারও এই পুজো দর্শনার্থীদের মন জয় করবে। নিজস্ব চিত্র



