মেক্সিকো সিটি: ঘড়িতে তখন সন্ধ্যা সাড়ে সাতটা। মেক্সিকো সিটিতে সবে অন্ধকার নেমেছে। হঠাৎই অ্যাজটেকা স্টেডিয়ামের আকাশে আলোর খেলা। আতশবাজির রোশনাই। তারপরই সাউন্ড বক্স থেকে ভেসে এল চেনা গলায় ‘দাই, দাই’ গান। গায়িকা যে বিখ্যাত পপ সম্রাজ্ঞী শাকিরা তা বুঝতে অসুবিধা হল না স্থানীয় ফুটবলপ্রেমীদের। তড়িঘড়ি তাঁরা হাজির স্টেডিয়ামের প্রধান ফটকে। কিন্তু, বৃথা চেষ্টা। ‘নো এন্ট্রি’ বোর্ড লাগানো। আসলে বৃহস্পতিবার এই অ্যাজটেকা স্টেডিয়ামেই বিশ্বকাপের বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন হবে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে মেগা আসরের থিং সং ‘দাই, দাই’ গেয়ে মঞ্চ মাতাবেন শাকিরা ও বার্না বয়। বুধবার তারই ড্রেস রিহার্সাল চলছে। ‘দাই দাই’ এর অর্থ কি জানেন? লেটস গো কিংবা চলো যাই। এছাড়া পারফর্ম করবেন মেক্সিকোর বিখ্যাত গায়ক আলেজান্দ্রো ফার্নান্ডেজ, গায়িকা বেলিন্দা প্রমুখ।



