সায়নদীপ ঘোষ: ডোভারলেনে প্রথম অনুষ্ঠান। চিন্তা হচ্ছে? শিঞ্জিনীর কথায়, ‘একটু চিন্তা তো হচ্ছেই। এখানে আমার দাদু পণ্ডিত বিরজু মহারাজ একাধিকবার নৃত্য পরিবেশন করেছেন। আমার মামা অনুষ্ঠান করেছেন। তাঁদের ঐতিহ্য আর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’ অনুষ্ঠানের পরিকল্পনা বিষয়ে শিল্পী বলেন, ‘বিন্দাদিন মহারাজের কিছু ঠুমরী আমার খুব প্রিয়। অভিনয়ের মাধ্যমে সেসব রচনার ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করব। একইসঙ্গে বিভিন্ন তালে লয়কারির সাহায্যে ঘরানার বৈশিষ্ট্য তুলে ধরব।’ ছোটবেলায় দাদুর সঙ্গে ডোভার লেনে এসেছেন কখনও? একটু ভেবে শিল্পীর উত্তর, ‘ডোভার লেনে দাদুর অনুষ্ঠান দেখতে কখনও আসা হয়নি। তবে কলকাতার বিভিন্ন মঞ্চে ওঁকে চাক্ষুষ করার সুযোগ পেয়েছি। সময় হলেই দাদুর সঙ্গে কলকাতা আসতাম। জানতাম, এই শহরে অনুষ্ঠান একটু অন্যরকম হবে। এখানকার শ্রোতা সমঝদার। শিল্পীদের কদর করেন।’



