নিজস্ব প্রতিনিধি,তমলুক: পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল সোমবার। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। সোমবার সকাল ১১টায় আস্থা ভোটের সময় নির্ধারিত ছিল।
বিজেপির দাবি, অন্য দল থেকে সদস্য ভাঙিয়ে মোট ১০ জনকে ভোটের জন্য হাজির করানো হয়েছিল। তবে প্রধানকে অপসারণ করতে প্রয়োজন ছিল ১১ জন সদস্যের সমর্থন। এই পরিস্থিতিতে বেলা ১টা নাগাদ এক তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যকে বিজেপির লোকজন মিটিংয়ে নিয়ে আসে বলে অভিযোগ। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে ওই সদস্যের উপস্থিতি নিয়ে আপত্তি জানান তৃণমূলের সদস্যরা। বিষয়টি নিয়ে সভাকক্ষের ভিতরেই তুমুল বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, উত্তেজনার মধ্যে রেজ্যুলিউশন খাতাও ছিঁড়ে ফেলা হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন শহিদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার কৃষ্ণা সাহা। গোলমালের মধ্যে তিনি সভাকক্ষেই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাঁর চিকিৎসার জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে ডাক্তার নিয়ে আসা হয়। পরে অসুস্থ আধিকারিককে অফিস থেকে বের করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। এর আগে ৩১ জুলাই কোলাঘাটের বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতেও সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে ব্যর্থ হয়েছিল বিজেপি। সেখানেও আস্থা ভোটে প্রধানকে পরাস্ত করা সম্ভব হয়নি।