নিজস্ব প্রতিনিধি, বরানগর: পঞ্চায়েত সদস্য এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নিউ বারাকপুরের বিলকান্দা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনাটি রবিবার রাতের। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
নিজস্ব প্রতিনিধি, বরানগর: পঞ্চায়েত সদস্য এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নিউ বারাকপুরের বিলকান্দা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনাটি রবিবার রাতের। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, কালীমন্দিরে চুরির অভিযোগ উঠেছিল পাড়ার কয়েকজন যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা একজনকে হাতেনাতে পাকড়াও করলেও অন্যরা চম্পট দিয়েছিল। চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় হইচই। স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকার সহ এলাকার অনেকেই হাজির হয়েছিলেন। আটক যুবককে মারধর করে চাপ দেওয়া হচ্ছিল, তার সঙ্গীকে ডেকে আনতে। সে ফোন করে বন্ধুদের ডেকে আনে। তাদের মধ্যে জেল ফেরত এক যুবক পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায়। যদিও অল্পের জন্য রক্ষা পান ঝর্ণা। রাতেই খবর পেয়ে নিউ বারাকপুর থানার পুলিশ পৌঁছয়। মন্দিরে চুরির অভিযোগে রাহুল মণ্ডল ও গুলি চালানোর অভিযোগে প্রণব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
বিলকান্দা-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তালাবান্দায় জাগ্রত কালীমন্দির রয়েছে। রাত দেড়টা নাগাদ পাড়ার কিছু যুবক রাস্তা দিয়ে আসার সময় মন্দিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। তারা হইচই শুরু করেন। হাতেনাতে রাহুল মণ্ডলকে পাকড়াও করে এলাকাবাসী। বেশ কয়েক জন চম্পট দেয়। রাহুলের বাড়িও ওই পাড়ায়। ক্ষিপ্ত এলাকাবাসী তাকে মারধর শুরু করে। খবর যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ঝর্ণা সরকারের কাছে। তিনিও দলবল নিয়ে হাজির হন। রাহুলকে চাপ দেওয়া হয় সঙ্গীকে ডেকে আনার জন্য। রাহুল ফোন করে কয়েক জনকে ডাকে। কিছু সময় পর প্রণব বিশ্বাস সহ পাঁচজন সেখানে বাইকে হাজির হয়। প্রণব চলতি মে মাস নাগাদ জেল থেকে ছাড়া পেয়েছিল। গাঁজা পাচারের কেসে সে প্রায় আড়াই বছর জেলে ছিল।
প্রণব দলবল নিয়ে এলাকায় পৌঁছে হম্বিতম্বি শুরু করে। অভিযোগ, পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। এরই মধ্যে প্রণব চম্পট দেয়। নিউ বারাকপুর থানার পুলিশ পৌঁছে রাহুলকে গ্রেপ্তার করে। দুপুরে প্রণবকে গ্রেপ্তার করা হয়। গুলি চালনার প্রতিবাদে এলাকাবাসী এদিন সকালে প্রতিবাদ মিছিল করেন। ঝর্ণা সরকার বলেন, স্থানীয়রা ফোন করায় আমি বাড়ি থেকে এসেছিলাম। আমি বিষয়টি পুলিশকে জানাতে বলেছিলাম। ধৃত যুবককে বলা হয়েছিল তাঁর সঙ্গীদের ডেকে আনতে। ওই সময় চার-পাঁচ জন আসে। তাদের মধ্যে প্রণব আমাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য বেঁচে গিয়েছি।