Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল স্টেশন রোড সংস্কার নিয়ে রেল-পুরসভার মধ্যে টানাপোড়েন

বেহাল স্টেশন রোড সংস্কার নিয়ে রেল-পুরসভার মধ্যে টানাপোড়েন
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জয়নগর-মজিলপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে রোজ ভোগান্তির মধ্যে পড়তে হয়। কিন্তু রাস্তাটি সংস্কার করবে কে? এই নিয়ে জয়নগর মজিলপুর পুরসভা ও রেলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এতে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ। জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার এই প্রসঙ্গে বলেন, এই রাস্তা রেলের সংস্কার করার কথা। এই ব্যাপারে বারংবার রেলকে চিঠি দেওয়া হলেও কাজ হয়নি। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ বিভাগের তরফে দীপ্তিময় দত্ত বলেন, চিঠি দেওয়ার কথা আমি জেনে নিচ্ছি। তবে পুরসভার ওয়ার্ডের মধ্যে পড়ে ওই রাস্তা। রাস্তাটি রেলের নয়।

Advertisement

রাস্তাটি দিয়েই জয়নগর-মজিলপুর পুরসভার ৫, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যাতায়াত করেন। নিয়মিত চলাফেলা করে বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। এই রাস্তা ধরে কুলতলির জামতলা, জয়নগরের নতুনহাটের অটো চলে। এদিকে সদা ব্যস্ত রাস্তারই অবস্থা বেহাল। অধিকাংশ জায়গাতে পিচ উঠে এবড়ো-খেবড়ো হয়ে গিয়েছে। ভারী বৃষ্টি হলে জল জমে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরেই খারাপ হয়ে পড়ে আছে। স্থানীয় কাউন্সিলারদের বলা হলে তাঁরা বলেন, রেলের রাস্তা, রেল করবে। এদিকে রেল কর্তৃপক্ষেরও কোনও হেলদোল নেই। রাস্তায় পিচ উঠে গিয়েছে। একটু অসতর্ক হয়ে চলাফেরা করলেই হোঁচট খেতে হয়। এই রাস্তা নিয়ে সমস্যায় গাড়ি চালকরাও। তাঁরা বলেন, রাস্তা অসমান হয়ে গিয়েছে। প্রায় সময়েই গর্তে চাকা পড়ে গিয়ে উল্টে যায়। অবিলম্বে এই রাস্তাটির সংস্কার করতে হবে। রেল এবং পুরসভা, সবারই এই অসুবিধার বিষয়টি দেখা উচিত। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ