নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পালাবদলের কয়েক মাস কাটতে না কাটতেই হাওড়া সদর বিজেপিতে প্রকাশ্যে এল মহিলা মোর্চার গোষ্ঠীদ্বন্দ্ব। বৃহস্পতিবার পঞ্চাননতলায় হাওড়া সদর বিজেপির জেলা কার্যালয়ের সামনে দুই পক্ষের বিক্ষোভ, বচসা এবং হাতাহাতির ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হয় পুলিশকে। কিছু সময়ের জন্য পঞ্চাননতলা রোডে যানজটও হয়।
অভিযোগ, প্রথমে শিবপুর ২ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার একাংশ জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হন। তাঁরা রাস্তা অবরোধ করে শিবপুর ২ নম্বর মণ্ডলের সভাপতি রাজা মালের পদত্যাগের দাবি তোলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজা ‘তোলাবাজ’ এবং দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করে আসা মহিলা কর্মীদের গুরুত্ব না দিয়ে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া মহিলাদের প্রাধান্য দিচ্ছেন। তাঁদের আরও দাবি, দীর্ঘদিনের মহিলা মোর্চার সভানেত্রী দোলা ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের নজরে আনা হলেও ব্যবস্থা হয়নি। সেই কারণেই এদিন তাঁরা প্রকাশ্যে আন্দোলনে নামেন।
এর কিছুক্ষণ পর অপর গোষ্ঠীর কর্মী-সমর্থকেরা সেখানে পৌঁছতেই দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে সরিয়ে দেয়। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজা মাল। তাঁর দাবি, দল তাঁকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছে। যিনি দায়িত্ব পালনে উপযুক্ত ছিলেন না, তাঁর পরিবর্তে নতুন মহিলা মোর্চা সভানেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় হাওড়া সদর বিজেপির অন্দরে অস্বস্তি বেড়েছে, রাজনৈতিক মহলের মতে স্পষ্ট। -নিজস্ব চিত্র