Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বামেদের কর্মসূচিতে উত্তেজনা, আন্দোলনকারীদের মারধর

বাম গণসংগঠনগুলির কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া ও হুগলিতে। দু’টি জেলাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

বামেদের কর্মসূচিতে উত্তেজনা, আন্দোলনকারীদের মারধর
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাম গণসংগঠনগুলির কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া ও হুগলিতে। দু’টি জেলাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দুই জেলায় একগুচ্ছ বাম নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে, হুগলিতে প্রকাশ্য রাস্তায় বাম কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। চুঁচুড়ার আখনবাজারে গেরুয়া পতাকা নিয়ে একদল যুবক বাম কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর করে। অভিযোগ, পুলিশের সামনেই মাইক ও চেয়ারটেবিল ভাঙচুর চলে। সঙ্গে চলে জয় শ্রীরাম স্লোগান। ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএম নেতা তথা পাণ্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন। তিনি বলেন, একদিকে পুলিশের আক্রমণ অন্যদিকে বিজেপি এবং হিন্দু মৌলবাদীদের হামলা হয়েছে। বাংলায় গণতন্ত্রের বেহাল অবশ্য এদিন প্রকাশ্যে চলে এসেছে। তাৎপর্যপূর্ণভাবে হামলাকারীদের অন্যতম নলডাঙার বিজেপি কর্মী রাজীব নাগ বলেন, বামেদের খুব বাড় বেড়েছে। রাজ্যটা আগেই ধ্বংস করেছে আবার সেই কাজ করতে পথে নেমেছে। এদিন এক রকমের শিক্ষা দিয়েছি। পরে আবার দেব। এনিয়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী অংশের জেলা সভাপতি অসিত মজুমদার বলেন, আগে রাম পরে বাম স্লোগানে যাঁরা বিশ্বাস করেছিল তাঁরা নিশ্চিতভাবে আজকের ঘটনা বিশ্লেষণ করবেন। যদিও বিজেপি’র জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, রাজীব কি বলেছে আমি জানি না। তবে বিজেপি বা আরএসএসকে এই ঘটনার সঙ্গে না জড়ানোই বাঞ্ছনীয়। আমরা ঘটনার নিন্দা করছি, দলীয় তদন্ত হবে। এদিন সকাল সকাল হাওড়াতে ব্যারিকেড ভাঙা নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত বাধে বামেদের। দুপুরের পরে চুঁচুড়াতেও একই ঘটনা ঘটে। সেই সময়েই বামেদের সমাবেশ মঞ্চে গেরুয়া পতাকা নিয়ে একদল যুবক হামলা চালায়।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ