তেন্ডুলকরের পছন্দের ক্যাপ্টেন সৌরভ ও ধোনি
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পছন্দের ক্যাপ্টেন কে? ‘রেডিট আস্ক মি এনিথিং’ সেশনে শচীন তেন্ডুলকরের কাছে জানতে চেয়েছিলেন এক ভক্ত। সেখানেই উত্তরে সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনির নাম জানান লিটল চ্যাম্পিয়ন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের অভিষেক হয়েছিল কৃষ্ণমাচারী শ্রীকান্তের নেতৃত্বে। পরবর্তীকালে মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের নেতৃত্বে টেস্ট খেলেছেন তিনি। অবশ্য টেস্ট, একদিন এবং টি-২০ ক্রিকেটে অস্থায়ী অধিনায়ক হিসাবে আরও অনেকের নেতৃত্বেই খেলেছেন মাস্টার ব্লাস্টার। এই সেশনেই এক ক্রিকেটপ্রেমী জানতে চান তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে। শচীন জানান, ‘অধিনায়ক হিসাবে দেশকে নেতৃত্ব দেওয়া বিশাল সম্মানের। তবে আমি সবসময় নিজের দল পুরোপুরি বেছে নেওয়ার স্বাধীনতা পাইনি। ১৯৯০ সালের তুলনায় এখন বিসিসিআই অনেক বেশি পেশাদার সংস্থা। সেই সময় ভারতীয় ক্রিকেটও এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলেছিল।’

Advertisement

বৈভব সূর্যবংশীকে ১৫ বছর বয়সে নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্নও আসে। দলীপ ট্রফিতে কিছুদিন আগেই ভাইস-ক্যাপ্টেন করা হয়েছিল বৈভবকে। এটা অবশ্য পছন্দ নয় শচীনের। তিনি বলেন, ‘বড্ড তাড়াতাড়ি দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক করা হয়েছিল ওকে। লাল বলের ক্রিকেটে এখন বেশি করে ম্যাচ খেলা জরুরি বৈভবের। এক পা, এক পা করে এগিয়ে যাওয়া ঠিক হবে।’