সেটপিসেই বাজিমাত করতে চায় পানোসের মোহন বাগান, আজ প্রতিপক্ষ ওড়িশা, ফিট হয়ে উঠেছেন ম্যাকলারেন
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: কখনো কর্নার ফ্ল্যাগ, আবার কখনো মাঝমাঠের ডান প্রান্ত থেকে একের পর এক সেন্টার ভাসাতে ব্যস্ত ছাংতে, ড্রাজিচরা। বক্সের মধ্যে আসা বল থেকে সতীর্থ ডিফেন্ডারদের টপকে গোলের মহড়া সারলেন মনবীর, আরউইনরা। চলতি আইএসএলে এখনও পর্যন্ত সেটপিস থেকে গোল নেই মোহন বাগানের। সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া কোচ পানাজিওটিস। কারণ তিনি জানেন, দলে প্লে-মেকার নেই। মিগুয়েল ও সাহালের চোট। তাহলে স্ট্রাইকারদের বল বাড়ানোর দায়িত্ব কে কাঁধে তুলে নেবেন? তাই বৃহস্পতিবার ওড়িশা ম্যাচে সেটপিস মুভই ভরসা পালতোলা নৌকার। 

Advertisement

আইএসএলে নর্থ ইস্টের কাছে হারের ধাক্কা কাটিয়ে টানা তিনটি জয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহন বাগান। বৃহস্পতিবার সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি। তিন ম্যাচে যাদের সংগ্রহ মাত্র দু’পয়েন্ট। তাই ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য পানোস ব্রিগেডের। গ্রিক কোচের মন্তব্য, ‘লিগে দল দু’বার পিছিয়ে পড়ে কামব্যাক করেছে। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। বিশেষত ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচে দখল নেওয়া প্রয়োজন। প্রতিপক্ষকে লড়াইয়ের জায়গা দিলে চলবে না।’ ধারে ও ভারে ওড়িশা অনেকটাই পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিতে নারাজ পানোস। তাঁর সংযোজন, ‘লিগ টেবিলে শীর্ষে উঠে আসাটা অবশ্যই ভালো খবর। তবে তা ধরে রাখতে হবে। তা হলেই মরশুমের শেষে চ্যাম্পিয়ন হতে পারব।’
দলের অবস্থান যাই হোক না কেন, কোচ পানোসের পারফরম্যান্স কিন্তু রয়েছে আতসকাচের তলায়। পান থেকে চুন খসলে ফের সমালোচনার তির ধেয়ে আসবে। গ্রিক কোচ অবশ্য তা নিয়ে চিন্তিত নন। তাঁর কথায়, ‘আমরা কেউই নির্ভুল নই। তারপরেও কাজের প্রতি আমি দায়বদ্ধ। আর মনে রাখবেন, রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন লিগ জেতানোর পরেও পরের মরশুমে ছাঁটাই হয়েছিলেন জিদান। তাই দল ভালো না খেললে সমালোচনা মেনে নিতেই হবে।’ একইসঙ্গে রেফারিং নিয়েও চাপা অসন্তোষ শোনা গেল তাঁর গলাতে।
টানা তিন ম্যাচ জিতলেও চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না মোহন বাগানের। গত ম্যাচে হাঁটুতে চোট পান সাহাল। ফলে ওড়িশার বিরুদ্ধে নেই এই কেরালাইট মিডিও। এছাড়া বুধবারও অনুশীলনে অনুপস্থিত ছিলেন মিগুয়েল ও আপুইয়া। ফলে মাঝমাঠের এই তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই দল সাজাতে হবে বাগান কোচকে। তবে পানোসকে স্বস্তি জুগিয়ে বুধবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন জেমি ম্যাকলারেন। ফলে ওড়িশার বিরুদ্ধে পরিবর্ত হিসাবে তাঁকে ব্যবহার করতে পারেন গ্রিক কোচ। এছাড়া গত ম্যাচের প্রথম একাদশে আসছে দু’টি পরিবর্তন। সাহাল ও দীপক টাংরির জায়গায় দলে আসছেন অনিরুদ্ধ থাপা ও লিস্টন কোলাসো। সেক্ষেত্রে ড্রাজিচকে নাম্বার টেন পজিশনে ব্যবহার করবেন পানোস।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
 সরাসরি সম্প্রচার ইউটিউবে।