পিছিয়ে পড়েও দুরন্ত জয় ম্যান ইউয়ের, ৬ গোল পিএসজি’র, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: পিএসজি’র কাছে ২-৪ ব্যবধানে হেরে ঘটেছিল ছন্দপতন। সেই ব্যর্থতা ভুলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে বশ মানিয়েছে কাতালন ক্লাবটি। জোড়া লক্ষ্যভেদে নায়ক অবশ্যই রাফিনহা। অপর গোলটি লামিনে ইয়ামালের। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে হ্যান্স ফ্লিক ব্রিগেডের সংগ্রহ ৯ পয়েন্ট। উল্লেখ্য, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের এবং প্রয়াত ফুটবলার হেসুস দে মিগুয়েলের স্মরণে ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও ওল্ড ট্রাফোর্ডে এএস রোমাকে ৩-২ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জোড়া গোলে ম্যান ইউয়ের প্রত্যাবর্তনের নায়ক ম্যাথিউজ কুনহা। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফার্নান্ডেজ। আর রোমার দুই গোলদাতা সৌলে ও মালেন। উল্লেখ্য, লাল ম্যাঞ্চেস্টারের মাঠে ১১ মিনিটেই রোমাকে এগিয়ে দেন মাতিয়াস সৌলে (১-০)। আর ১৭ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যেভেদে ওল্ড ট্রাফোর্ড স্তব্ধ করে দেন মালেন (২-০)। আরও একবার লজ্জায় ডোবার আশঙ্কায় ছিলেন রেড ডেভিলস সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ক্যারিক-ব্রিগেডের দুরন্ত প্রত্যাবর্তন। ৫৮ মিনিটে কুনহাকে বক্সে ফাউল করে হোম টিমকে পেনাল্টি উপহার দেন রোমার ডিফেন্ডার জানলুকা মানচিনি। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলেও বিপক্ষ ডিফেন্ডারের ভুলে ফের সুযোগ পান ব্রুনো ফার্নান্ডেজ। পরেরবার লক্ষ্যভেদে ভুল হয়নি পর্তুগিজ তারকার (২-১)। এরপর ৮৩ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান কুনহা (২-২)। আর তিন মিনিট পর দুরূহ কোণ থেকে বুলেট গতির শটে ম্যান ইউকে জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড (৩-২)।
দিনের অপর ম্যাচে ভিয়ারিয়ালকে ৬ গোলের মালা পরাল পিএসজি। ম্যাচে জোড়া লক্ষ্যভেদ ফাবিয়ান রুইজের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন হোয়াও নেভাস, ডেসিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বোলি। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল লুই এনরিকে ব্রিগেড। অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে বায়ার্ন মিউনিখ।