সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ কে পাবে, তা ঠিক করে দিচ্ছে তৃণমূল। এমনটাই বললেন দলের গ্রাম পঞ্চায়েত প্রধান।
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ কে পাবে, তা ঠিক করে দিচ্ছে তৃণমূল। এমনটাই বললেন দলের গ্রাম পঞ্চায়েত প্রধান।
বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের অনলাইন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে এলাকার এক ঠিকাদার সংস্থা। অভিযোগ অনলাইন টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেলেও নির্ধারিত তারিখে খোলেনি বেলবাড়ি পঞ্চায়েত কর্তৃপক্ষ। উন্নয়নমূলক কাজ পাইয়ে দিয়ে স্বজনপোষণ সহ ওই গ্রাম পঞ্চায়েত প্রধান লোকজন নিয়ে হুমকি দিয়েছেন বলে লিখিত অভিযোগে জেলাশাসককে জানিয়েছেন ঠিকাদার খোকন সেন। তাঁর কথায়, প্রধান নিজের লোকদের কাজ পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আমার বাড়িতে গিয়ে হুমকিও দিয়েছে। জেলাশাসককে অভিযোগ জানিয়েছি।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পঞ্চম অর্থ কমিশনে প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দে পঞ্চায়েত এলাকায় একাধিক ঢালাই রাস্তা ও পানীয় জল প্রকল্পের কাজের অনলাইন টেন্ডার হয়।
টেকনিক্যাল বিড খোলার তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি। কিন্তু কতজন বিড করেছেন, কোন ঠিকাদার কাজ পেয়েছেন, তার তথ্য এখনও প্রকাশ করছে না সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বলে অভিযোগ। এদিকে পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জয় মণ্ডলের কাছে টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া নিয়ে জটিলতা হয়নি।
কিছু ঠিকাদার অনলাইন টেন্ডারে ওভার ড্রপিং করেছেন। আগে থেকেই ঠিক হয়েছিল কারা কাজ পাবে। সেভাবে সকলে বসে ঠিক করেছিলাম। কিন্তু অভিযোগকারী ঠিকাদার সেই সিদ্ধান্ত না মেনে অনলাইন টেন্ডারে অংশগ্রহণ করেন। আমি তার বাড়িতে গিয়ে বলেছি, এমন কাজ কেন করলেন। সিদ্ধান্ত পছন্দ না হলে আগেই বিরোধিতা করতেন। দলের মিটিং থাকায় টেন্ডার বিড ওপেন করা হয়নি।
যদিও জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, অনলাইন টেন্ডারে ওভার ড্রপিং বলে কোনও কথা হয় না। কোনও ঠিকাদার যে কোনও জায়গায় কাজ করতে পারে। কে কাজ পাবে, তা দল ঠিক করে দেয় না। ভিত্তিহীন কথা বলছেন প্রধান। নিজের পিঠ বাঁচাতে দলকে বদনাম করছেন।
জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, সরকারি টাকা নয়ছয় করছে তৃণমূল ও দলের জনপ্রতিনিধিরা। যেখানে অনলাইন টেন্ডার হওয়ার কথা, আগে থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে কাজ কে পাবে। জেলা শাসকের কাছে অভিযোগ হয়েছে। প্রশাসন তদন্ত করে দেখুক।