নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কর্মী আন্দোলনকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল চুঁচুড়া পুরসভায়। সোমবার পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, ৬৫ বছরের বেশি বয়সের অস্থায়ী কর্মীদের আর কাজ দেওয়া হবে না। তাঁদের জন্য অবসরকালীন কোনও সুবিধাও পুরসভা দিতে পারবে না। এই খবর পেয়েই অস্থায়ী কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পুরসভার চেয়ারম্যান সহ কর্তাদের মিটিং হলেও ঘেরাও করে রেখেছেন তাঁরা। সম্প্রতি কর্মীদের তরফে অবসরকালীন সুবিধা সহ একাধিক দাবি পেশ করা হয়েছিল। এদিন তা উপেক্ষা করার অভিযোগ তুলে কর্মীরা আন্দোলনে নেমেছেন। দুপুর থেকে চলা ওই ঘেরাওয়ের ফলে ইতিমধ্যে জল বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য দিব্যেন্দু অধিকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে স্ট্রেচারে করে বার করে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তিনি চিকিৎসাধীন। রাত পর্যন্ত আন্দোলন চলছে।



