Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চাঁদমারি ভাগাড়ে বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বালির চাঁদমারি ভাগাড়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন অস্থায়ী সাফাইকর্মীরা

চাঁদমারি ভাগাড়ে বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বালির চাঁদমারি ভাগাড়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন অস্থায়ী সাফাইকর্মীরা। ফলে কয়েক ঘণ্টার জন্য জঞ্জাল পরিষ্কারের কাজ ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিশ্চিন্দা থানার পুলিশ ও বালি পুরসভার আধিকারিকরা।

Advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে বেতন দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় তিন মাসের বেতন বাকি রয়েছে বলে দাবি ওই সাফাই কর্মীদের। পাশাপাশি, বছরের পর বছর সাফাইয়ের মতো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকলেও ইএসআই কিংবা প্রভিডেন্ট ফান্ডের মতো সামাজিক সুরক্ষার সুবিধা তাঁরা পান না। 
এদিন প্রায় ১৫০ জন কর্মী কাজ বন্ধ রেখে ভাগাড়ের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারী কর্মীদের দাবি, শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন জঞ্জাল সংগ্রহ ও অপসারণের দায়িত্ব তাঁদের কাঁধে থাকলেও সেই অনুযায়ী পারিশ্রমিক বা সুযোগ-সুবিধা মেলে না। বিক্ষোভে শামিল অস্থায়ী কর্মীদের অনেকেই বলেন, ২০১০ সাল থেকে কাজ করলেও এখনও স্থায়ী স্বীকৃতি বা ন্যায্য বেতন মেলেনি। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলেও অভিযোগ।
এদিন আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য জঞ্জালবাহী গাড়ি দাঁড়িয়ে পড়ে। ফলে সাফাই ব্যবস্থায় সাময়িক প্রভাব পড়ে এলাকায়। পরে পুলিশ ও পুরসভার কর্তাদের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন কর্মীরা। এরপর ফের স্বাভাবিক হয় সাফাইয়ের কাজ।  এদিকে, পুরসভা সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারী কর্মীরা সরাসরি পুরসভার অধীনে নন। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তাঁরা সাফাইয়ের কাজে যুক্ত রয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ