Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস নেই,রাস্তাঘাট খাঁ খাঁ

তীব্র রোদ। কখনও আকাশ মেঘলা। দুইয়ের যোগফলে গুমোট গরম। ফ্যানের তলা থেকে সরলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর।

গৌড়বঙ্গে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস নেই,রাস্তাঘাট খাঁ খাঁ
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ, রায়গঞ্জ ও সংবাদদাতা, বালুরঘাট: তীব্র রোদ। কখনও আকাশ মেঘলা। দুইয়ের যোগফলে গুমোট গরম। ফ্যানের তলা থেকে সরলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। এরই মধ্যে নাগরিকদের কপালে ভাঁজ পড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আগামী কয়েকদিন গৌড়বঙ্গের তিন জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যেন কার্ফু জারি হয়েছে। রবিবার সকাল থেকেই মালদহ, বালুরঘাট ও রায়গঞ্জের রাস্তাঘাটে খুব প্রয়োজন ছাড়া লোকজন বের হননি। 

Advertisement

রবিবার মালদহ শহরের দোকান, বাজার সাধারণত বন্ধই থাকে। তবে ছুটির মেজাজে থাকা মানুষজনকে সকাল থেকে আড্ডা দিয়ে দেখা যায় বিভিন্ন ঠেকে। চায়ের দোকান, পাড়ার সেলুনেই ভিড় কোনও অংশে কম থাকে না। কিন্তু এদিন একেবারেই জনমানবশূন্য ছিল মালদহ শহর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন ইংলিশবাজার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি। 
এদিকে কয়েক দিন বৃষ্টির রেশ কাটিয়ে লাগাতার দাবদাহ চলছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ অংশে। সকাল থেকে বিকেল পর্যন্ত চড়া রোদে কার্যত ঝলসে যাচ্ছেন জেলাবাসী। জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের দিকে মানুষজন রাস্তায় বেরনো বন্ধ করেছেন। শুনশান হয়ে যাচ্ছে রায়গঞ্জ শহর সহ জেলার বিভিন্ন এলাকার জনপদগুলি। এমন ঘোরালো পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরও কোনও স্বস্তির বার্তা শোনাতে পারছে না। উল্টে আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে বাড়তে ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। রবিবার রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৩ ডিগ্রি। 
বালুরঘাটে রবিবার সর্বোচ্চ ৩৪.৫ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সার্বিকভাবে দিনে আকাশ থাকছে মেঘমুক্ত, ঝকঝকে। সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহার দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার থেকে ১৫ জুন পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায়। 
তিনি বলেন, কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় বৃষ্টি কিছুটা থমকে গিয়েছে। তবে ১৫ জুনের পর কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনই বাড়তে থাকা গরম থেকে মুক্তি নেই।
অন্যদিকে, বালুরঘাটেও বৃষ্টির দেখা নেই। তীব্র গরমে ও তাপ প্রবাহে পুড়ছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা। সূর্যের প্রখর রোদে ছুটির দিনে বালুরঘাট কার্যত শুনশান হয়ে গেল। সকাল থেকে তাপপ্রবাহ শুরু হয়। রবিবার দুপুরের পর থেকে শহরের জনবহুল এলাকাগুলি জনমানবহীন হয়ে পড়ে। রাস্তাঘাটও প্রায় ফাঁকা ছিল। বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র সূত্রে খবর, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দুপুরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৮১ শতাংশ। সন্ধ্যার দিকে তা কমে হয় ৪১ শতাংশ। এদিন জেলার কোথাও বৃষ্টিপাত হয়নি। 
এবিষয়ে মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন, আগামী কয়েকদিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ফলে এখনই অস্বস্তি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ