Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে ফাটল তেলেঙ্গানা বিজেপিতে, দল ছাড়লেন বিধায়ক

বিজেপি ছাড়লেন তেলেঙ্গানার ঘোষমহলের বিধায়ক টি রাজা সিং। সোমবার তেলেঙ্গানার রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডিকে চিঠি দিয়ে দলীয় পদ ছাড়ার কথা জানান তিনি।

রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে  ফাটল তেলেঙ্গানা বিজেপিতে, দল ছাড়লেন বিধায়ক
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: বিজেপি ছাড়লেন তেলেঙ্গানার ঘোষমহলের বিধায়ক টি রাজা সিং। সোমবার তেলেঙ্গানার রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডিকে চিঠি দিয়ে দলীয় পদ ছাড়ার কথা জানান তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘অনেকে চুপ করে থাকলেও সেটাকে সম্মতি বলে ভুল করা উচিত নয়।’ রাজা সিংয়ের পদত্যাগে গেরুয়া শিবিরের কোন্দল বেআব্রু হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, একাধিক শীর্ষস্থানীয় বাদ দিয়ে রামচন্দ্র রাওকে রাজ্য সভাপতি করার বিষয়ে চিন্তাভাবনা করছে বিজেপি হাইকমান্ড। এব্যাপারে নিজের অসন্তোষ গোপন করেননি রাজা। 

Advertisement

দলের অন্যতম কট্টর হিন্দুত্বপন্থী নেতা রাজার বক্তব্য, তেলেঙ্গানায় প্রথমবার সরকার গড়ার মুখে দাঁড়িয়ে বিজেপি। এই সময়ে এই ধরনের সিদ্ধান্ত বড়সড় সংশয়ের জন্ম দিচ্ছে। তিনি আরও জানান, রাজ্যে বিজেপির জন্য বহু বর্ষীয়ান নেতা, বিধায়ক, সাংসদরা নিরলসভাবে কাজ করে চলেছেন। কিন্তু দেখা যাচ্ছে, কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে কেন্দ্রীয় নেতৃত্বকে বিপথে চালিত করছে এবং পর্দার আড়াল থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। নিচুতলার কর্মীদের আত্মত্যাগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর ফলে রাজ্যে পদ্ম শিবির ধাক্কা খেতে পারে বলেও আশঙ্কাপ্রকাশ করেন তিনি। 
তিনবারের এই বিধায়ক আরও লেখেন, দলের সমর্থন ও মানুষের আশীর্বাদে পর পর তিনবার ভোটে জিতেছি আমি। কিন্তু আজ সবকিছু ঠিক আছে বলে আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। রাজা সিংয়ের এই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে প্রবল শোরগোল। দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠেছে ‘সিদ্ধান্ত’ ঘিরে। যদিও প্রকাশ্যে এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি পদ্ম শিবিরের নেতারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ