বুকে বাজি ফেটে মৃত কিশোর
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীপাবলির আনন্দ বদলে গেল বিষাদে। দিল্লির নারেলা এলাকায় বুকে বাজি ফেটে মৃত্যু হয়েছে ১০ বছরের এক নাবালকের। রবিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃতের নাম ঋষি। জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষ্যে ঋষি পরিবারের সঙ্গে বাজি ফাটাচ্ছিল। রকেটে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি আকাশে না উড়ে ঋষির বুকে এসে ফাটে। তাতেই সে গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঋষির দাদা অভিযোগ তুলেছে, চিকিৎসকদের গাফিলতির কারণেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। তাড়াতাড়ি ঋষির চিকিৎসা শুরু করলে ছেলেকে বাঁচানো যেত বলে দাবি করেছেন  মা অঞ্জলিও। এদিকে রকেট বাজি সংক্রান্ত লাগাতার দুর্ঘটনার জেরে মুম্বইয়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত রকেট, সেল সহ আকাশে ওড়ার মতো সবরকম বাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি)। ৯ নভেম্বর থেকে অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএমসি আওতাধীন সব জায়গায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

Advertisement