ওয়েলিংটন: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে ভারত। মঙ্গলবার ওয়েলিংটনে শ্রেয়স ব্রিগেডের সামনে তাই সিরিজ জয়ের হাতছানি। ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই হাসিখুশি মেজাজে। ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চ আসার পথে চনমনে দেখাল গোটা দলকে। সফরের শুরুটা ভালো হলেও টিম ম্যানেজমেন্ট যদিও আত্মতুষ্টি থেকে সতর্ক করছেন ক্রিকেটারদের। নিউজিল্যান্ড আবার টি-২০ স্কোয়াডে ঘটিয়েছে পরিবর্তন। সিরিজের বাকি তিনটি ম্যাচেই নেই পেসার ম্যাট হেনরি। আর এক পেসার লকি ফার্গুসন আবার মঙ্গলবার খেলবেন না। তবে অকল্যান্ডে চতুর্থ ও পঞ্চম টি-২০ ম্যাচ খেলবেন তিনি। প্রথম দুই ম্যাচে এগারোর বাইরে থাকা পেসার কাইল জেমিসন অবশ্য বাকি তিনটি ম্যাচেই খেলবেন না। কিউয়ি বোর্ড জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত।
এদিকে, বিসিসিআই টিভিতে এক কথোপকথনে শনিবারের জয়ের বিশ্লেষণ করেছেন তিলক ভার্মা ও নীতীশ রেড্ডি। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দু’জনের ৬৯ রানই ছিনিয়ে আনে নাটকীয় জয়। দু’জনেই হায়দরাবাদে খেলেছেন একসঙ্গে। তা মনে করিয়ে দিয়ে তিলক বলেন, ‘একসঙ্গে খেলার সেই দিনগুলোয় আমরা ভাবতাম যদি এভাবেই দেশকে জেতাতে পারতাম। দুই তেলেগু ছেলের সেই স্বপ্ন সফল হয়েছে। উপরওয়ালা তার জন্য সঠিক সময়ই বেছে নিয়েছেন। আমরা শুধু কঠোর পরিশ্রমে ডুবে থেকেছি, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে গিয়েছি।’



