Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ প্রতিপক্ষ নামিবিয়া হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক, মহারণের মহড়ায় নজর টিম ইন্ডিয়ার

অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের অবস্থা সেরকমই।

আজ প্রতিপক্ষ নামিবিয়া  হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক, মহারণের মহড়ায় নজর টিম ইন্ডিয়ার
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের অবস্থা সেরকমই। টি-২০ বিশ্বকাপের আগে ওপেনিং জুটি নিয়ে কম বেগ পেতে হয়নি তাঁকে। খারাপ ফর্মের জন্য শুভমান গিলকে বাদ দিয়ে আস্থা রাখা হয়েছিল সঞ্জু স্যামসনের উপর। তিনিও হতাশ করেন। অগত্যা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান কিষান। মনে করা হচ্ছিল, এই বিধ্বংসী ওপেনিং জুটি ভারতের খেতাব ধরে রাখার লড়াই অনেক সহজ করে দেবে।কিন্তু, একটা ম্যাচ গড়াতে না গড়াতেই দুই ওপেনারকে নিয়ে উদ্বেগে ভারতীয় শিবির। পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিষেক শর্মা। এখন অনেকটাই সুস্থ। ছুটিও পেয়েছেন। তবে বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় নামিবিয়ার বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কিনা, সেটা স্পষ্ট নয়। টসের আগে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিলক ভার্মা। অর্থাৎ, অভিষেক না খেললে ঈশানের সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। কিন্তু সন্ধ্যায় প্র্যাকটিসে যশপ্রীত বুমরাহর ইয়র্কারে বাঁ গোড়ালিতে চোট পান ঈশান। অবশ্য প্রাথমিক চিকিৎসার পর নেটে ফের নকিং করেন তিনি। 

Advertisement


নামিবিয়া ম্যাচটা ভারতের কাছে উপলক্ষ্য মাত্র। আসল লক্ষ্য ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ। আইসিসি’র সবুজ সংকেত মেলার পরেই মেগা ম্যাচের মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সূর্যরা। কারণ, এটা মর্যাদার লড়াই। তাই ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটাকে কাজে লাগাতে চাইবেন ভারতীয় ক্রিকেটাররা। এমনিতেই আমেরিকা ম্যাচে টলে গিয়েছিল ভারতের টপ অর্ডার। ৭৭ রানে পড়েছিল ৬ উইকেট। ক্যাপ্টেন সূর্যকুমার হাল না ধরলে সঙ্গী হতে পারত লজ্জা। তাই নামিবিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়ের ক্ষয়ক্ষতি মেরামতের সুযোগ থাকছে। ঈশান কিষান, তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিংরা পাক ম্যাচের আগে মনোবল বাড়িয়ে নেওয়ার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর পাবেন না।চোট সারিয়ে উঠেছেন বুমরাহ। হয়তো খেলবেনও। তাতে পেস আক্রমণ শক্তিশালী হবে। এখন দেখার, তাঁর সঙ্গী কে হন, সিরাজ না অর্শদীপ। স্পিনার কুলদীপ যাদবকেও তৈরি রাখা হচ্ছে। কোটলার পিচে বল টার্ন করে। তাই বরুণ চক্রবর্তীর সঙ্গে তাঁকে খেলাতে পারেন কোচ। একাধিক অলরাউন্ডার থাকায় ভারতের ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত ভারসাম্য রয়েছে। শিবম দুবে, হার্দিক পান্ডিয়া কিংবা অক্ষর প্যাটেলের পারফরম্যান্স সেই কারণেই হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।এখনও অবধি একবারই নামিবিয়ার মুখোমুখি হয়েছে ভারত। ওয়ান ডে ফরম্যাটে জিতেছিল মেন ইন ব্লু। তবে টি-২০’তে ছোট দলগুলি প্রায়শই বেগ দেয়। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিয়েছিল নামিবিয়া। ভারতের বিরুদ্ধে নামার আগে সেই সুখস্মৃতিই সঙ্গী হয়েছে এরাসমাসদের।  ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে সম্প্রচার হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ