নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তথ্য যাচাই না করেই বদলির নির্দেশ দেওয়ায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। বীরভূমের বাসিন্দা পার্থসারথি দলুই ২০১৩ সালে গ্রুপ ডি পদে চাকরি পান। তাঁর কর্মস্থল ছিল বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। ২০২০ সালে শারীরিক অসুস্থতা এবং স্ত্রীর কিডনির জটিল সমস্যার কারণে বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলির আবেদন জানান তিনি। স্কুলশিক্ষা দপ্তরে সেই আবেদন জমা পড়ে। পরে এসএসসি সমস্ত নথি খতিয়ে দেখে তাঁকে বাড়ির নিকটবর্তী একটি স্কুলে যোগদানের নির্দেশ দেয়। কিন্তু দেখা যায়, সেই স্কুলে কোনো শূন্যপদই নেই। ফলে কাজে যোগদানই করতে পারেননি পার্থসারথি।



