সংবাদদাতা, আলিপুরদুয়ার: দোল ও হোলির আগে হাসি ফুটল মেরিকো ইন্ডাস্ট্রির বীরপাড়া সার্কেলের চা বাগানগুলির শ্রমিকদের। লিজ পাওয়ার পর বৃহস্পতিবার থেকে মেরিকো তাদের বীরপাড়া সার্কেলের বাগানগুলির শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া শুরু করল। দোল উৎসবের আগে শ্রমিকরাও তাই উচ্ছ্বসিত। এজন্য বাগানগুলির শ্রমিকরা রাজ্য সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে।
ডিমডিমা, হান্টাপাড়া, বীরপাড়া, ধুমচিপাড়া, গ্যারগেন্দা সহ বীরপাড়া সার্কেলে মেরিকোর অনেক বাগানেই শ্রমিকদের মজুরি সমস্যা ছিল। মজুরি না পেয়ে বাগানগুলিতে শ্রমিকদের ক্ষোভের পারদ চড়ছিল। প্রায়দিনই কোনও না কোনও বাগানে শ্রমিকরা গেট মিটিং করে বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কোথাও কোথাও শ্রমিকরা পথ অবরোধেরও জন্য রাস্তায় নামেন। কিন্তু পুলিস শ্রমিকদের বুঝিয়ে অবরোধ আন্দোলন থেকে নিরস্ত্র রেখেছিল।
ঠিক এই আবহে বীরপাড়ায় আইনশৃঙ্খলা অবনতিরও আশঙ্কা করছিলেন কেউ কেউ। পুলিসও উদ্বেগে ছিল। তৃণমূল নেতৃত্বও সেটা উপলব্ধি করেছিল। আর সেটা বুঝতে পেরেই তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ, সাধারণ সম্পাদক রবীন রাই ও মাদারিহাটের দলীয় বিধায়ক জয়প্রকাশ টোপ্পো কলকাতায় শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
ওই নেতাদের কাছ থেকে জানা গিয়েছে, তৃণমূলের চা শ্রমিক নেতৃত্ব দেখা করার পরেই শ্রমমন্ত্রী মলয় ঘটক মেরিকো কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বকেয়া নিয়ে কথা বলেন। শ্রমমন্ত্রী কথা বলার পরেই শ্রমিকদের বকেয়া পেতে শুরু করেছেন। বীরেন্দ্র বরা ওরাওঁ বলেন, মেরিকো দীর্ঘ সাতবছর ধরে লিজ ছাড়াই বাগানগুলি চালাচ্ছিল। ফলে তারাও সমস্যায় ছিল। লিজ মিলেছে। এবার আশা করছি, শ্রমিকদের আর সমস্যা থাকবে না। আমরা কলকাতায় শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই মেরিকোর বাগানগুলির শ্রমিকরা তাঁদের বকেয়া পেতে শুরু করেছেন।
অসুস্থতার কারণে এ বিষয়ে ফোনে কথা বলতে পারেননি মেরিকো ইন্ডাস্ট্রির ডিরেক্টর সুরজিৎ বক্সি। তিনি হোয়াটসআপ মেসেজে তাঁর এই অসুস্থতার কথা জানিয়েছেন। তবে চা মালিক সংগঠন ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের মুখপাত্র রামঅবতার শর্মা বলেন, বৃহস্পতিবার থেকে মেরিকোর বাগানগুলির শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া শুরু হয়েছে।