নয়াদিল্লি: আগামী বছর ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষের পর আর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকবেন না। গত ১২ আগস্ট এই বার্তা দিয়েই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন এন চন্দ্রশেখরন। বৃহস্পতিবার সেই চন্দ্রশেখরনকে আবারও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিল টাটা সন্স বোর্ড। কিন্তু বেঁকে বসল টাটা ট্রাস্টস। সংশ্লিষ্ট সিদ্ধান্তকে রীতিমতো ‘অবৈধ’ আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা জানিয়েছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। এদিন ভোটাভুটি চলাকালীন চন্দ্রশেখরনের পক্ষে চারটি ভোট পড়েছে। তাঁর বিরুদ্ধে একমাত্র ভোট দিয়েছেন নোয়েল টাটা। এর জেরে প্রকাশ্যে টাটাগোষ্ঠীর অন্দরের সংঘাত।



