সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রাথমিক স্কুলের মিড ডে মিলে ভাত, মুগের ডাল, আলু, কুমড়ো, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চরি, কাটা পোনা, ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, চালতার চাটনি এবং নারকেল নাড়ু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গ্রাম বাংলার অন্যতম উৎসব রান্না পুজোর স্বাদ দিতে আমতার সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য বুধবার মিড ডে মিলে ছিল এই মেনু। তাতে খুব খুশি ছাত্ররা।
এই স্কুলে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রের সংখ্যা ৬৬। রয়েছেন চারজন শিক্ষক। ভাদ্র মাসে রান্না পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত। সেই রান্না পুজোয় নানা পদের স্বাদ পড়ুয়াদের দিতে প্রতি বছর স্কুলেই রান্না পুজোর আয়োজন করছেন শিক্ষকরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু ছাত্ররাই নয়, এদিন পড়ুয়াদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে তাদের অভিভাবকরাও ছিলেন। ছিলেন হাওড়া জেলার মিড ডে মিলের ভারপ্রাপ্ত আধিকারিক শুক্লা গাঙ্গুলি, আমতা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ, আমতা ১ ব্লকের সিরাজবাটি চক্রের এসআই দীপঙ্কর কোলে প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত সাউ বলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং মিড ডে মিলের দুই কর্মীর সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও আমরা এই মেনুর আয়োজন করেছি। গ্রামীণ উৎসবের এই আনন্দ পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভালো লাগছে।