নয়াদিল্লি: ভারত সরকারের পরমাণু বিদ্যুত্ প্রকল্পের সমালোচকদের তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নয়াদিল্লিতে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত একটি অনুষ্ঠানে মোদি বলেন,‘ যাঁরা পরিবেশ সংরক্ষণ নিয়ে গলা ফাটান, তাঁরাই আবার পরমাণু বিদ্যুত্ প্রকল্প বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হন।’ প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ভারত পরমাণু শক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য শক্তির উত্পাদন ক্ষমতা বাড়াতেও দ্রুত পদক্ষেপ করছে। বেসরকারি সংস্থাগুলিকেও এই উদ্যোগে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কার্বন নির্গমন নিয়েও উন্নত দেশগুলির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আমরা সবাই জানি কার্বন নির্গমনের জন্য শুধুমাত্র উন্নয়নশীল দেশগুলিকেই দায়ী করা হয়। যা ঠিক নয়। ঐতিহাসিক সত্যি হল যে আজও মাথাপিছু কার্বন নিঃসরণের ক্ষেত্রে ভারতের অবদান আন্তর্জাতিক গড়ের অর্ধেকেরও কম। অন্যদিকে, উন্নত দেশগুলিতে ভারতের তুলনায় মাথাপিছু ৬ গুণ কার্বন নিঃসরণ হয়। আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি তুলে ধরা উচিত।



