দীপাবলির বোনাস এক লক্ষ টাকারও বেশি! কর্মীদের মন জিতে নিলেন সুরাতের ব্যবসায়ী
  • ৮ নভেম্বর, ২০২৬ ১৪:২৩
Prefer us on Google

গান্ধীনগর, ৮ নভেম্বর: দীপাবলির আলোয় যখন চারদিকে উৎসবের প্রস্তুতি, তখন কর্মীদের মুখে হাসি ফোটাতে এক অনন্য নজির গড়লেন গুজরাতের সুরাত জেলার এক বস্ত্র ব্যবসায়ী। উৎসবের উপহার হিসেবে মিষ্টির বাক্স বা অন্য কোনো উপহার নয় নিজের সংস্থার ২০ জন কর্মীর প্রত্যেকের হাতে তুলে দিলেন এক লক্ষ টাকারও বেশি নগদ অর্থ। আর সেই উপহার পাওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারলেন না অনেকেই। কারও চোখে জল, কারও মুখে অবিশ্বাস মেশানো হাসি। কর্মীদের প্রতি মালিকের এমন ভালোবাসার ভিডিওই এখন সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

সুরাতের এক বস্ত্র ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে। তাঁর এই মহৎ উদ্যোগ ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। তবে শুধু বিপুল অঙ্কের বোনাস দেওয়াই নয়, উপহার দেওয়ার ধরনেও ছিল বিশেষ চমক। রুপোলি রঙের সাজানো পুজোর থালায় সুন্দর করে সাজানো হয়েছিল নতুন নোটের বান্ডিল। আরও একটি বিষয় এই আয়োজনকে করে তুলেছিল ব্যতিক্রমী। কর্মীদের হাতে সরাসরি টাকা তুলে দেননি ব্যবসায়ী। বরং তাঁর স্ত্রীর হাত দিয়েই তুলে দেওয়া হয় সেই বিশেষ উপহার। 

কেন এমন উদ্যোগ? ওই ব্যবসায়ীর বক্তব্য, তাঁর কাছে কর্মীরা শুধুমাত্র সংস্থার কর্মচারী নন, তাঁরা পরিবারেরই অংশ। সারা বছর যাঁরা নিষ্ঠার সঙ্গে ব্যবসার পাশে থাকেন, দীপাবলির আনন্দে তাঁদের পরিবারও সমানভাবে সামিল হোক, এটাই তাঁর ইচ্ছা। উৎসবের দিনগুলিতে যাতে কর্মীদের সংসারে আর্থিক চিন্তা না থাকে, সেই ভাবনা থেকেই এই বিপুল অঙ্কের বোনাস দেওয়ার সিদ্ধান্ত। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, এমন মালিকের অধীনে কাজ করার সৌভাগ্য সকলের হওয়া উচিত। কারও কথায়, নিজের পরিবারের জন্য আনন্দের আয়োজন করলেই দায়িত্ব শেষ হয় না, যাঁরা পরিশ্রম করে পাশে থাকেন, তাঁদের পরিবারকেও সেই আনন্দের ভাগ দেওয়া উচিত।