Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রাবণের দ্বিতীয় সোমবার ভক্তদের দখলে তারকেশ্বর মন্দিরে, পৌঁছাতেই পারলেন না অনেকে

শ্রাবণের দ্বিতীয় সোমবার শিব ভক্তদের দখলে থাকল তারকেশ্বর। লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হওয়ায় ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হতে হয়েছে প্রশাসনকে।

শ্রাবণের দ্বিতীয় সোমবার ভক্তদের দখলে তারকেশ্বর মন্দিরে, পৌঁছাতেই পারলেন না অনেকে
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শ্রাবণের দ্বিতীয় সোমবার শিব ভক্তদের দখলে থাকল তারকেশ্বর। লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হওয়ায় ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হতে হয়েছে প্রশাসনকে। এই বছর শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে লোক সমাগমও হয়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি।

Advertisement

নানাভাবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ প্রশাসন। তারকেশ্বরে পৌঁছালেও প্রচণ্ড ভিড়ের চাপে বহু ভক্ত তারকেশ্বর মন্দির পর্যন্ত যেতে পারেননি। তাঁদের অনেকেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের কাছে ‘হাসপাতাল বাবা’, ১২ নম্বর রাস্তার পাশে শিব মন্দিরে, লোকনাথ মন্দিরে ও ভূতনাথ মন্দিরে জল ঢেলে বাড়ি ফিরেছেন। ভিড় সামলাতে বাজিতপুর মোড় থেকে বড়ো বাঁকে করে জল নিয়ে আসা পুণ্যার্থীদের ১২ নম্বর রাস্তা দিয়ে জয়কৃষ্ণ বাজারের দিকে পাঠিয়ে দেওয়া হয়। ফলে বহু মানুষ দিশাহারা হয়ে এদিক-ওদিক ঘুরতে থাকেন। যাত্রী চাপের কথা মাথায় রেখেই পূর্ব রেল এদিন বাড়তি ট্রেন চালিয়েছে। ফলে ঘন ঘন রেলগেট বন্ধ করতে হয়েছে। তার ফলে সমস্যায় পড়েন বহু তীর্থযাত্রী। তারকেশ্বরে তিনটি রেল গেট রয়েছে। তার একটিতেও ওভারব্রিজ বা আন্ডারপাস নেই। যাঁদের ১২ নম্বর রোডের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাঁদের সিংহভাগই আর মন্দিরে পৌঁছাতে পারেননি। বহু পুণ্যার্থী রাজবাড়ি গেটের সামনে শিবমূর্তিতে জল ঢেলে বাড়ি ফেরেন। প্লাস্টিকের ঘটে ভরে যায় এলাকা।
এদিন সন্ধ্যা পর্যন্ত তীর্থযাত্রীদের স্রোত ছিল তারকেশ্বর মন্দিরমুখী। ভিড়ের ঠেলায় নাজেহাল হতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। প্রায় প্রতিটি মোড়ে পুলিশ ব্যারিকেড করায় কর্মক্ষেত্রে যেতে বা বাড়ি ফিরতে কালঘাম ছুটেছে অনেকের। যাঁরা তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন, তাঁদের আবার ঘুরপথে বাসস্ট্যান্ডে যেতে হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহ শৌচালয়, পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্রের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ভিড়ের চাপে অসুস্থ হয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ছাড়া বড়ো কোনো সমস্যা হয়নি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ