নয়াদিল্লি: ‘যুদ্ধের জন্য প্রস্তুত।’ পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরেই চরম হুঁশিয়ারি আফগানিস্তানের তালিবান সরকারের। দুই দেশের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাত মেটাতে তুরস্কের রাজধানী ইস্তানবুলে ফের একদফা শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। বৈঠকে সংঘাতের জন্য একমাত্র কাবুলই দায়ী বলে দাবি পাকিস্তানের। এজন্য বৈঠক থেকে সরে এসেছে তালিবান। আফগান মন্ত্রী নুরুল্লাহ নুরি কড়া ভাষায় বলেছেন, ‘আফগানদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না।’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘আপনাদের দেশের প্রযুক্তি নিয়ে বেশি আত্মবিশ্বাসী হবেন না। প্রয়োজন হলে আফগানিস্তানের সকল বৃদ্ধ ও তরুণ যুদ্ধে যোগ দেবেন।’ একটি বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে তালিবান সরকার জানিয়েছে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতা সত্ত্বেও শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে পাকিস্তান। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের প্রতিনিধিরা সংঘাত মেটানোর বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিয়ে ও গঠনমূলক আলোচনার জন্যই বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু পাকিস্তান ফের একবার অবিবেচক এবং অসহযোগিতপূর্ণ মনোভাব দেখিয়েছে।



