নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্বাস্থ্যদপ্তরের অফিসাররা বুধবার বারাকপুর শহরে পুরসভা পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন। সেখানকার কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করে একটি তিরিশ বেডের সুস্বাস্থ্য কেন্দ্র করার প্রস্তাবও দিলেন পুরসভার চেয়ারম্যান উত্তম দাসকে। বিকেলে পুরসভায় বৈঠকে স্বাস্থ্যদপ্তরের অফিসাররা চেয়ারম্যানকে জানান, এখানকার স্বাস্থ্যকেন্দ্রগুলি খুব ভালোভাবেই চলছে। আপনারা ৩০ বেডের একটি উন্নতমানের সুস্বাস্থ্যকেন্দ্র পেতে পারেন। প্রস্তাব তৈরি করে জমা দিন। আমরা তাতে অনুমোদন দেব। ইতিমধ্যে উলুবেড়িয়া সহ বিভিন্ন পুরসভা এ ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে।
Advertisement
পুরসভার চেয়ারম্যান তাঁদের জানান, আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে একটি প্রস্তাব তৈরি করব। এর ফলে বারাকপুরের সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে আরও সুবিধা হবে। স্বাস্থ্যদপ্তরের অফিসাররা যক্ষা রোগীদের চিকিৎসা সম্পর্কেও বিস্তারিত জানতে চান। আলোচনায় পুরসভার চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ, স্বাস্থ্যবিভাগের চেয়ারম্যান পারিষদ নওশাদ আলম এবং পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মী ও অফিসাররা ছিলেন।



