Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তাড়া খেয়ে ঠাকুর ঘরে চিতাবাঘ, ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু

তাড়া খেয়ে ঠাকুর ঘরে চিতাবাঘ, ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: সাতসকালে ঠাকুর ঘরেই ঢুকে পড়ল চিতাবাঘ। তবে স্ব-ইচ্ছেতে নয়, খানিক ভয়ে পেয়ে। তাই দেখে মঙ্গলবার হুলস্থুল কাণ্ড কোচবিহার-২ ব্লকের সুখধনেরকুঠি গ্রামে।  যদিও পরে শেষ রক্ষা হয়নি। ঘুমপাড়ানি গুলিতে ঘুমিয়ে কাবু চিতাবাঘ। তরুণ রায়ের ঠাকুর ঘর থেকে খাঁচাবন্দি অবস্থায় নিয়ে যাওয়া হয় চিলাপাতায়। এদিনের মতো হাফ ছেড়ে বাঁচলেও মনে ধরেছে আতঙ্ক, আবার যদি এসে হাজির হয়! 
Advertisement
গ্রামে চিতাবাঘ ঘাঁটি গেড়েছে শুনে এদিন আতঙ্ক ওঠে চরমে। চিতাবাঘের উপস্থিতির কথা জানতে পেরে হইহই পড়ে যায়। ঠাকুর ঘরে চিতাবাঘের ঢুকে পড়ায় উত্সুক জনতা তরুণবাবুর বাড়িতে ভিড় করেন। বাড়ির মালিক তরুণ রায় বলেন, সকালে গোয়াল ঘরে ছাগল ডাকার শব্দ কানে আসে। ভেবেছিলাম সেখানে শিয়াল ঢুকেছে। কিন্তু, দরজার সামনে গিয়ে দেখি চিতাবাঘ। ভয়ে আতঙ্কে সেখান থেকে দৌড়ে এসে সকলকে ডাকতে শুরু করি। আশপাশের লোকজন ছুটে আসে। সকলের চিত্কার চেঁচামেচিতে চিতাবাঘটি ভয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়ে। সেই সময় বাড়ির লোকজন ঠাকুর ঘরের দরজা বাইরের থেকে আটকে দেন। ফলে সেখানেই চিতাবাঘটি আটকে যায়। 
চিতাবাঘের আতঙ্কের মধ্যেই খবর পাঠানো হয় বনদপ্তরের পুণ্ডিবাড়ি রেঞ্জে। এরপর পুণ্ডিবাড়ির পাশাপাশি চিলাপাতা ও জলদাপাড়া রেঞ্জের বনকর্মীরা দ্রুত গ্রামে আসে। এরপর থেকে শুরু হয় চিতাবাঘ ধরার অপারেশন। ঠাকুরঘরের চারদিক জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা। এরই মাঝে ঘুমপাড়ানিগুলিতে চিতাবাঘটিকে কাবু করে খাঁচায় ভরা হয়। এরপর চিতাবাঘটিকে তরুণবাবুর বাড়ি থেকে উদ্ধার করে জলদাপাড়ায় নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। আর তাতেই হাফ ছেড়ে বাঁচেন বাড়ির মালিক ও  গ্রামের বাসিন্দারা। 
এবিষয়ে কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেছেন, কোচবিহার-২ ব্লকের পাতলাখাওয়ার সুখধনেরকুঠি এলাকায় একটি চিতাবাঘের ঢুকেছে বলে আমরা খবর পাই। আমাদের পুণ্ডিবাড়ি, চিলাপাতা ও জলদাপাড়া রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে চিলাপাতা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ